সবার জন্য ইন্টারনেট প্রবৃদ্ধির সহায়ক হবে
সবাইকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে। কিন্তু এটা করতে গেলে ইন্টারনেট মানুষের জীবনের জন্য কতটা প্রয়োজনীয়, সেটা মানুষকে বোঝাতে হবে। এর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।
গতকাল শনিবার রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন বক্তারা। সবার জন্য ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে কীভাবে সমাজের ক্ষমতায়ন সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং মতামত পেতে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপ গতকাল রাজধানীতে দুটি আলাদা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে টেলিনর ও গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। আলোচনায় ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বক্তারা। একই সঙ্গে ইন্টারনেট জনপ্রিয় করতে মানসম্পন্ন বাংলা কনটেন্ট বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
দুই অনুষ্ঠানে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের উপদেষ্টা আনির চৌধুরী, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান ও মহাসচিব রাসেল টি আহমেদ, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান প্রমুখ।