সবার জন্য উন্মুক্ত ধানমন্ডি মাঠ

স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে আর দেরি করেনি জসিম মিয়া, নয়ন হাওলাদার ও মো. সোহান। তিনজনই নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। থাকে রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে। টেলিভিশনে ধানমন্ডি মাঠ খুলে দেওয়ার সংবাদ শুনে, দৌড়ে বাড়ির কাছের মাঠে চলে এসেছে। ওদের চোখেমুখে উচ্ছ্বাস। বেলা সোয়া তিনটায় এই প্রতিবেদকের সঙ্গে দেখা। মাঠে হুটোপুটি খেলছে তিনজন। এগিয়ে এসে জসিম বলল, ‘দুই বছর ধরে মাঠে ঢুকতেই পারি নাই। মাঠটা ক্লাবের লোকেরা (লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব) নিয়ে নিছিল।’ ওদের বড় স্বস্তি, এখন আর দূরের মাঠে ম্যাচ খেলতে যেতে হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় মাঠটির তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. কবির মাহমুদ ও অতুল মণ্ডল ধানমন্ডি মাঠের ফটক খুলে দেন। মাঠটির ফটকে এবং দেয়ালে ‘ধানমন্ডি খেলার মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ কথাগুলো লেখা দুটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
হাকিম অতুল মণ্ডল প্রথম আলোকে জানান, ক্লাবের নিরাপত্তা-কর্মীদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মারফত আলীর কাছ থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পূর্বানুমোদন ছাড়া এ মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে কোনো বাধা দেওয়া হবে না’—এই মর্মে একটি মুচলেকাপত্র নেন তাঁরা।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মাঠটির বিষয়ে সিটি করপোরেশনের অবস্থান তুলে ধরতেই মাঠটি উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপের বিষয়ে সরকারের কোনো মহল থেকে কোনো আদেশ তিনি পাননি। করপোরেশনের এই অভিযানের পর মাঠের ভেতরে নির্মাণাধীন ক্রীড়া স্থাপনাগুলোর নির্মাণকাজ বন্ধ দেখা গেছে।
উল্লেখ্য, ২০১১ সালে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠটি সবার জন্য উন্মুক্ত করা ও মাঠে অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশ দেন উচ্চ আদালত।
তবে প্রকৃত অর্থে মাঠ উন্মুক্ত হয়েছে বলে মনে করেন না মাঠটি মুক্ত করার আন্দোলনের সঙ্গে যুক্ত স্থপতি মোবাশ্বের হোসেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘ধানমন্ডি ক্লাবের নামে যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলো এখনো ভাঙা হয়নি। আদালতের নির্দেশ আছে সেসব অপসারণের। সর্বসাধারণের জন্য মাঠটি সিটি করপোরেশন বৈধতা দিয়েছে মাত্র। যতক্ষণ পর্যন্ত মাঠের স্থাপনা অপসারণ না
হচ্ছে, ততক্ষণ আমরা মাঠটি উন্মুক্ত মনে করছি না।’
ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেওয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ।
এর পর থেকে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে এবং সেখানে স্থাপনা নির্মাণের বিরোধিতা করে পরিবেশবাদী, পেশাজীবী নানা সংগঠন আন্দোলন শুরু করে।
এ আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৯ এপ্রিল মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করেন। মামলায় স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব ও সালমা এ সফি এবং কামরুন্নাহারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার এ মামলায় তাঁরা চারজনই জামিন পান।
মিলেমিশে খেলা: বিকেল সাড়ে চারটার দিকে মাঠজুড়ে ৩০-৪০ জন নানা বয়সী মানুষের হল্লা। কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট। সেই সময় কয়েকটি ফুটবল নিয়ে ক্লাবের এক কর্মী মাঠে এসে সবাইকে জোর গলায় বললেন, ‘প্র্যাকটিস করবে খেলোয়াড়েরা, আপনারা সরে আসেন।’ এ কথায় সমস্বরে প্রতিবাদ আসে। তাঁর কথায় পাত্তা না দিয়ে যে যাঁর মতো খেলতে থাকেন। একটু পরে ক্লাবের প্রধান কোচ জোসেফ আসেন। তিনি এসে মাঠে গিয়ে তাঁদের খেলোয়াড়দের একটু জায়গা করে দিতে বলেন। তার এই কথায় রাজি হলেন সবাই। পরে জোসেফ প্রথম আলোকে বলেন, ‘মাঠে অন্যরা খেললে কোনো অসুবিধা নেই। আমাদের প্র্যাকটিসের জায়গাটুকু থাকলেই হলো। মিলেমিশে খেলতে কোনো অসুবিধা নেই।’