সবার জন্য খাদ্যের দাবিতে সিলেটে প্রচারাভিযান
বাংলাদেশের অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় রেখে কাজ চালিয়ে যেতে হবে। বৈষম্য কমিয়ে আনতে গরিববান্ধব নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত। সবার জন্য সমভাবে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা না গেলে দেশে অর্থনৈতিক মুক্তি কোনোভাবেই আসবে না। গতকাল বুধবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সবার জন্য খাদ্য প্রচারাভিযান’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ‘দারিদ্র্যবিরোধী মঞ্চ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির স্থানীয় আয়োজক ছিল উন্নয়ন সংগঠন অঙ্গীকার বাংলাদেশ ও গভার্নেন্স কোয়ালিশন। ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথবাক্য পাঠ করান অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন। শুরুতে মানববন্ধন করা হয়। পরে দারিদ্র্যের বিরুদ্ধে মশাল জ্বালানো হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কবি শুভেন্দু ইমাম, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শামসুল আলম, জাসদ সিলেট মহানগরের সভাপতি জাকির হোসেন, সিপিবির সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ। সভায় আয়োজকেরা সরকারের প্রতি কয়েকটি দাবি উত্থাপন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ভিজিডি, ভিজিএফসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত দরিদ্রদের অন্তর্ভুক্তি ও এগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা, নগর দরিদ্র ও শ্রমজীবীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে রেশনিং চালু, খাদ্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা, দেশব্যাপী ভেজাল ও রাসায়নিক বিষমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং নগর ও গ্রামে সব কাজে নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করা।