সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ ধাপের (এসডিজি-৪) মূল লক্ষ্য সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা। এই লক্ষ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার রাজধানীর হোটেল র্যা ডিসন ব্লুতে তিন দিনব্যাপী ‘ই-নাইন মিনিস্ট্রিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজি-৪-এর মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা ও জীবনব্যাপী শিক্ষার প্রসার ঘটানো। এসব বৈশ্বিক আকাঙ্ক্ষা মনে রেখে আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকেরা ‘এসডিজি-৪-এডুকেশন ২০৩০’ লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই নয়টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বিশদ আলোচনার মাধ্যমে ২০১০ সালে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। তিনি বলেন, ‘আমরা বেশ কিছু কৌশলগত নীতি এবং উদ্যোগ গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন গোষ্ঠী এবং অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থীর জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ, সামাজিকভাবে অনগ্রসরদের অন্তর্ভুক্তির জন্য ব্যক্তি খাত বা বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারত্ব জোরদারকরণ, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় অধিকতর সুবিধা নিশ্চিত করতে বৃত্তি কর্মসূচির সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরির জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ এবং জীবনব্যাপী শিক্ষা ও সাধারণ শিক্ষার মানোন্নয়ন এবং সর্বজনীনতা নিশ্চিতকরণ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে এবং ভর্তির হার বৃদ্ধিতে এক বছরমেয়াদি প্রাক্-প্রাথমিক শিক্ষা চালু করেছে। এর ফলে ২০১৬ সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার ৯৮ শতাংশে উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার ২০ শতাংশে হ্রাস পেয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ই-নাইনের নতুন চেয়ারপারসন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা।
এদিন ই-নাইনের গতবারের চেয়ারপারসন পাকিস্তানের শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণবিষয়ক প্রতিমন্ত্রী বালিঘ-উর-রহমান সংগঠনের উন্নয়ন রিপোর্ট উপস্থাপন করেন এবং নতুন চেয়ারপারসন নুরুল ইসলাম নাহিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
ভারতের নয়াদিল্লিতে ১৯৯৩ সালে ইএফএ সম্মেলনের মাধ্যমে ই-নাইনের জন্ম। এর সদস্যরাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া ও পাকিস্তান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ইসির সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের নেতৃত্বে বিদায়ী কমিশন গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বিদায়ী সিইসি প্রধানমন্ত্রীকে বলেছেন, গৃহীত শপথ অনুযায়ী তাঁর কমিশন দায়িত্ব পালনের মেয়াদকালে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেছে। এ সময় তিনি বিদায়ী নির্বাচন কমিশনের মেয়াদকালে কমিশনের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করায় এবং কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে ধন্যবাদ জানান।