সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘ই-৯ মিনিস্ট্রিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজি-৪-এর মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা ও জীবনব্যাপী শিক্ষার প্রসার। এসব বৈশ্বিক আকাঙ্ক্ষা মনে রেখে আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকেরা “এসডিজি-৪-এডুকেশন ২০৩০” লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই নয়টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন।’ তিনি বলেন, ‘সংস্কৃতি, ধর্ম, বর্ণ ও ভাষার বিভিন্নতা সত্ত্বেও বর্তমানে আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে সবাই একে অপরের ওপর নির্ভরশীল। পারস্পরিক বোঝাপড়া, সহিষ্ণুতা ও বন্ধুত্বকে এগিয়ে নিতে শিক্ষা সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।’ সমাজে সঠিক মূল্যবোধ, আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত গড়ে দিতেও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেসকোর ই-৯-ভিত্তিক দেশগুলোর উদ্যোগগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বয় করে এসডিজি-৪-এর মূল লক্ষ্য সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ই-৯–এর জন্ম ইএফএ সম্মেলনের মাধ্যমে ভারতের দিল্লিতে, ১৯৯৩ সালে। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অধ্যুষিত নয়টি উন্নয়নশীল দেশের সাধারণ শিক্ষাবিষয়ক লক্ষ্যসমূহ নিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে। ই-৯-ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া ও পাকিস্তান।
অনুষ্ঠানে ই-৯-এর নতুন চেয়ারপারসন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা বক্তব্য দেন।
অনুষ্ঠানে গতবারের চেয়ারপারসন পাকিস্তানের শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ-বিষয়ক প্রতিমন্ত্রী বালিঘ-উর-রহমান সংগঠনের উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন এবং নতুন চেয়ারপারসন নুরুল ইসলাম নাহিদের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল-ইএফএ কর্মসূচিকে আমি সেই প্রেক্ষাপটে দেখি, যা থেকে ই-৯-এর উদ্ভব হয়েছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি এ ক্ষেত্রে আমাদের এই বৈঠক একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমি আরও বিশ্বাস করি যে আমাদের এই বিশ্বের জন্য একটি টেকসই সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে এই বৈঠক প্রয়োজনীয় সুযোগ চিহ্নিত এবং কাজে লাগাতে সহায়তা করবে।’