‘তিন পার্বত্য জেলার স্বাক্ষরতার হার জাতীয় হারের চেয়ে প্রায় আট শতাংশ কম। জাতীয় শিক্ষানীতিতে ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাহাড়ের বর্তমান বাস্তবতায় এই লক্ষ্যমাত্রা অর্জন কখনোই সম্ভব নয়।’
সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে গতকাল রোববার খাগড়াছড়ির পর্যটন মোটেলে শুরু হওয়া দুই দিনের ‘মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা: অগ্রগতি ও অংশীজনদের ভূমিকা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। সম্মেলনের মিডিয়া পার্টনার প্রথম আলো। এতে চট্টগ্রাম অঞ্চলের চারটি জেলার ৯০ জন প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, যেসব আদিবাসী শিশু স্কুলে যায়, ভাষা ও সংস্কৃতি বুঝে উঠতেই তাদের অনেক সময় চলে যায়। তাই তারা শিক্ষায় পিছিয়ে থাকে এবং ঝরে পড়ার হারও বেশি। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সরকার ও কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার (এমএলই) উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে দেশে (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ওঁরাও ও অন্যান্য) ভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার কথা আছে। তবে নানা কারণে এ উদ্যোগের বাস্তবায়ন আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে।
মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা বিষয়ে ধারণাপত্র পাঠ করেন প্রকল্প পরিচালক মেহেরিন নাহার স্বপ্না।
সম্মেলনে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি প্রশান্ত রায় ও দেবপ্রিয় চাকমা।