সবার জন্য সমান আইনি সুরক্ষায় গুরুত্ব দিলেন সারাহ সুয়ল

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়ল সংবিধান অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুসহ সব নাগরিকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল বুধবার দুপুরে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে নিয়ে সারাহ সুয়ল প্রথমে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা মতবিনিময় করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সারাহ সুয়ল বলেন, ‘আইন অনুযায়ী সবার জন্য সমান সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংবিধানে সব ধর্মের জন্য সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। কাজেই আইন এ ক্ষেত্রে কারও জন্য উদ্বেগের কারণ নয়। তবে সবার জন্য আইনি সুরক্ষার সমান প্রয়োগ না হওয়া নিয়ে কথা হয়েছে। এ ক্ষেত্রে সবার জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সহিংসতার মতো অপরাধে জড়িত ব্যক্তিদের দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। এসব ক্ষেত্রে রাজনৈতিক নেতা ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের জোরালো বক্তব্যের পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।’
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সারাহ সুয়ল বলেন, সংবিধানে সব ধর্মের সমানাধিকারের ব্যাপারে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আদালতের সাম্প্রতিক রায় সেই বাস্তবতাকে পাল্টে দিতে পারে না। তিনি আরও বলেন, আজ তাঁরা (সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা) বলেছেন, সংখ্যালঘু যেকোনো সম্প্রদায়ের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে তাঁরা রাষ্ট্র ও জনগণের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ প্রত্যাশা করেন।
মতবিনিময়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সুব্রত চৌধুরী, নির্মল রোজারিও, বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এর আগে সারাহ সুয়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহিংস উগ্রবাদ নিয়ে বক্তৃতা করেন। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ওই আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এহসানুল হক।
সারাহ সুয়ল বক্তৃতায় বলেন, সহিংস উগ্রবাদ এক নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ। শুধু বলপ্রয়োগ করে উগ্রপন্থীদের ‘বিষাক্ত মতাদর্শে’-র ছোবল থেকে লোকজনকে রক্ষা করা যাবে না। এ জন্য আরও ব্যাপকতর ও সাহসী পদক্ষেপ প্রয়োজন। যেকোনো ধরনের ক্ষোভ প্রশমনের জন্য আরও কার্যকরভাবে, স্বচ্ছতার সঙ্গে সবাইকে নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সরকার যখন নিজের কাজ ভালোভাবে ও আইনের পরিধির মধ্য দিয়ে করে, তখন উগ্রপন্থীদের ক্ষেত্র বিকশিত হওয়ার সুযোগ সংকুচিত হয়ে যায়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে উদ্ধৃত করে সারাহ সুয়ল বলেন, উগ্রবাদ দমনের নামে সরকার যখন গণতন্ত্র ও আইনের শাসনকে ভূলুণ্ঠিত করে, উদাহরণ হিসেবে বলা যায়, বিরোধী পক্ষের ওপর নিবর্তনমূলক গ্রেপ্তার ও মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে এবং তাদের রাজনৈতিক চর্চার ক্ষেত্র সংকুচিত করে—এসব পদক্ষেপ লোকজনকে উগ্রপন্থা ও সহিংসতার দিকে টেনে নিয়ে যায়।