
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের শান্তিপুর উচ্চ বিদ্যালয় এলাকায় মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নামেন আফরোজা আব্বাস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমাদের প্রচারণার কাজে যেসব নেতা-কর্মী কাজ করবেন তাঁদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, বহু নেতা-কর্মী জেলখানায়। এ অবস্থায় আমরা কীভাবে নির্বাচনী প্রচারণা চালাব।’ তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ করার দায়িত্ব সরকারের। সবাই যেন মাঠে নামতে পারেন, সে দায়িত্বও সরকারের। মির্জা আব্বাস যদি জামিন না পান, তাহলে তো তিনি মাঠে নামতে পারবেন না। আশা করি, সরকার তাঁর জামিনের ব্যবস্থা করবে। পরিবেশ সৃষ্টি হলেই তিনি মাঠে নামবেন।
এরপর শান্তিপুর স্কুলের সামনে ও এর আশপাশের এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের স্থানীয় বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে, স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালান। দলীয় নেতা-কর্মীদের নিয়ে খিলগাঁওয়ের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করে স্বামীর পক্ষে ভোট চান আফরোজা। এ সময় ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিতে দেখা যায় তাঁকে। এরপর তিনি রাজধানীর বাসাবো-মাদারটেক, বৌদ্ধমন্দির এলাকা, ঢাকা মেডিকেল কলেজ ও শাহবাগ এলাকায় গণসংযোগ চালান। আজ বৃহস্পতিবারও তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাবেন বলে জানা গেছে।
আরও প্রতিশ্রুতি খোকনের: মেয়র নির্বাচিত হলে এবার ঢাকাকে বাসযোগ্য করে তোলাই হবে প্রথম কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। এর আগে গত মঙ্গলবার ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার করেন সাঈদ খোকন।
সাঈদ খোকন প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, ‘মেয়র হলে আমার প্রথম কাজ হবে ঢাকাকে বাসযোগ্য করা। এরপরই আমি ঢাকাকে বিশ্বমানের নগরী করব। বিশ্বের সব সিটির নাগরিকেরা যেসব সেবা পায়, ঢাকাবাসীকেও সেসব সেবা দেব।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রটোকলে সাঈদ খোকন প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ এনেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এর জবাবে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল। কাউকে তিনি ছোট করে দেখেন না। তিনি যে অভিযোগ করেছেন সেটা অমূলক। এ সময় আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, শামসুল হক, শাহে আলম মুরাদ এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাঈদ খোকন রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগ চালান। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
প্রচার শুরু ফিরোজের: কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিপিবি-বাসদ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বজলুর রশিদ ফিরোজ। গতকাল বেলা ১১টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আশপাশের এলাকায় গণসংযোগ চালান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘এই ঢাকা শহর গড়ে ওঠে তৎকালীন শাসকদের দৃষ্টিভঙ্গি নিয়ে। বর্তমানেও ধনাঢ্য শ্রেণির দৃষ্টিভঙ্গি নিয়ে ঢাকা শহর পরিচালিত হচ্ছে। এর আয়তন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু নাগরিক সুবিধা বাড়েনি। নির্বাচিত হলে তিনি ঢাকা শহরের নাগরিকদের অধিক সেবা দেবেন বলে অঙ্গীকার করেন।
ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি-সমর্থিত (জাপা) মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন পুরান ঢাকার আমলিগোলা-বালুরঘাট ও পিলখানা-আজিমপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী শহীদুল ইসলাম আজ বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় প্রচার চালাবেন। ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান আজ বেলা ১১টায় হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে গণসংযোগ করবেন।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।