সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা সহজ নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা সবার জন্য স্বাস্থ্য—এগুলো বক্তব্য হিসেবে অনেক বড়, আকর্ষণীয়। কিন্তু সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা সহজ নয়। সৎ ও দক্ষ নেতৃত্ব এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার এ কাজ অনেকটা সহজ করতে পারে।
গতকাল বুধবার টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে জাতীয় পরামর্শ সেমিনারের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা ছাড়াও বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সেমিনারে অংশ নেন।
দেশের অগ্রগতিতে বেসরকারি খাতের অবদানের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা গেলে সীমিত সম্পদেও অনেক কিছু করা সম্ভব। ফাঁকিবাজির কারণে অনেক বরাদ্দ নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকদের স্বাস্থ্য খাতে নেতৃত্ব দিতে হবে। এই নেতারা যদি ফাঁকিবাজ হন, তাহলে মাঠপর্যায়ে কাজ হবে না।
প্রথম অধিবেশনে মূল উপস্থাপনায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম বলেন, অত্যাবশ্যক সেবার আওতা বৃদ্ধি, স্বাস্থ্যপদ্ধতি দৃঢ় করা, সেবার মান বৃদ্ধি ও ন্যায্যতা এগুলো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য খাতে অর্থায়নের চেয়েও বেশি কিছু।
একই অধিবেশনের সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, গ্রামীণ নারীদের আচরণ পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে কমিউনিটি ক্লিনিক।
দ্বিতীয় অধিবেশনে সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক ইশতিয়াক মান্নান স্বাস্থ্য খাতে নানা বৈষম্যের তথ্য তুলে ধরে বলেন, সমস্যায় থাকা অঞ্চল ও জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিতে হবে। পর্যবেক্ষণের কাজ করতে হবে সততা ও জবাবদিহি বজায় রেখে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে তৃতীয় ও শেষ অধিবেশনে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির সাবেক উপাচার্য নিতীশ দেবনাথ বলেন, পরিবেশ ও জীবজগতে বিপর্যয় মানুষের স্বাস্থ্যে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। একই অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টিবিষয়ক কারিগরি উপদেষ্টা নাসরীন খান বলেন, এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ৮টির সঙ্গে পুষ্টি সম্পর্কিত।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সকালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পরানীধরন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।