সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, একদিকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে সরকারি হাসপাতালে সব শ্রেণির মানুষের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয় না। অপর দিকে বেসরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত ব্যয়ের কারণে দরিদ্র মানুষেরা চিকিৎসা নিতে পারে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ বৃহস্পতিবার বিকেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। প্রগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন (পিডিইউ) ‘স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা: প্রেক্ষাপট ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমার নিজের তিন বছরের অভিজ্ঞতা থেকে বলছি, জনগণের কাছে, বিশেষ করে দরিদ্র মানুষের কাছে সুলভ মূল্যে বা কম মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন কাজ।’
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় সব শ্রেণির মানুষের চিকিৎসা দেওয়া কঠিন কাজ। সরকারি হাসপাতালে জায়গা কম, সুযোগ-সুবিধা সীমিত। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় এত বেশি যে দরিদ্র মানুষেরা সেবা নিতে পারে না। চিকিৎসকেরাও অনেক সময় মানবিক হন না। তাঁরা একটু মানবিক দৃষ্টিকোণ রাখলে সরকারও কিছুটা নিশ্চিত হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলোকে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়া ও চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, উন্নত দেশের তুলনায় দেশে স্বাস্থ্য খাতের ব্যয় কিছুই নয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডিইউ সহসভাপতি অধ্যাপক লায়লা আনজুমান বানু। তিনি বলেন, স্বাস্থ্য খাতে শ্রমজীবী মানুষের খরচ কমাতে হলে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থাকে করের আওতায় এনে বাজেটে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানো যেতে পারে।
পিডিইউ সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার সেমিনারে সভাপতিত্ব করেন।