সবার জন্য ১৪ পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সংশ্লিষ্ট ইউনিটে গেলে ১৪টি পরীক্ষা করা প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। একে হয়রানি হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।
এই হাসপাতালেরই নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী প্রথম আলোকে জানান, তাঁর বয়স ২৫ বছর, স্ত্রীর বয়স ২২ বছর। স্ত্রী কুমিল্লায় থাকেন। সন্তান না হওয়ায় তাঁরা বন্ধ্যাত্ব ইউনিটে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাঁর স্ত্রীর ১৪টি পরীক্ষা করতে হয়েছে। কিন্তু সব শেষে চিকিৎসকেরা বলেছেন, স্ত্রীর ওজন বেশি। ওজন কমাতে পুষ্টি বিভাগে দেখানোর পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁদের। কিন্তু ১৪ পরীক্ষা ও এর জন্য বড় ধরনের খরচ হওয়ায় ক্ষুব্ধ এই কর্মী।
বন্ধ্যাত্ব ইউনিটের একজন চিকিৎসা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের প্রথমে কাউন্সেলিং (বোঝানো ও পরামর্শ দেওয়া) করা হয়। দম্পতিদের বলা হয় বন্ধ্যাত্ব কোনো রোগ নয়। বাচ্চা হলো শখের মতো। শখ পূরণ করতে হলে টাকা খরচ করতে হয়। এরপর ব্যবস্থাপত্রে ১৪টি পরীক্ষার সিল মারা হয়।
সিল মারা এ রকম ব্যবস্থাপত্রে দেখা যায়, পরীক্ষার তালিকায় আছে নারীদের হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর; ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, ব্লাড সুগার, ভিডিআরএল (সিফিলিস/গনোরিয়া), এইচবিএসএজি (হেপাটাইটিস বি), অ্যান্টিএইচসিভি, অ্যান্টিএইচআইভি (এইডস), সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন, রুবেলা এবি, কেলামাইডিয়া এবি, আল্ট্রাসনোগ্রাম, সিএক্সআর, ইসিজি ও প্যাপ স্মিয়ার।
এর বাইরে কাউকে কাউকে এফএসএইচ, এলএইচ-ডিটু, ডিথ্রি, টিফোর, টিএসএইচ, সিরাম প্রোল্যাকটিন, সিরাম প্রোজেসটেরোন ও সিরাম অ্যাসট্রোজেন করাতে হয়।
স্বামীকে করতে হয় রক্তের গ্রুপ, আরএইচ টাইপিং, ব্লাড সুগার, ভিডিআরএল, এইচবিএসএজি, অ্যান্টিএইচআইভি, অ্যান্টিএইচসিভি ও সিমেন অ্যানালাইসিস পরীক্ষা।
সরেজমিনে দেখা গেল, পরীক্ষার এ ‘প্যাকেজ’টি ল্যাবরেটরি বিভাগে পরিচিত। প্রতিটি পরীক্ষার খরচ আলাদাভাবে জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, ‘ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব)? আলাদা বলতে সময় লাগবে, মোট খরচ পড়বে ১২ হাজার টাকা।’
সবার জন্য এ ঢালাও পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত স্ত্রী ও প্রসূতিরোগ বিভাগের বন্ধ্যাত্ব ইউনিটের প্রধান পারভিন ফাতেমার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পারভিন ফাতেমা ১৪টি পরীক্ষাই যৌক্তিক বলে মনে করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএসএমএমইউতে রিকশাচালক, ঠেলাগাড়িওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা চিকিৎসা নিতে আসেন। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা থেকে বঞ্চিত করতে চাই না বলেই পরীক্ষাগুলো করানো হয়।’ সব রোগীর প্রয়োজন একই কি না, জানতে চাইলে তিনি বলেন, কখনো স্ত্রীর, কখনো স্বামীর সমস্যা থাকে। কখনো এক ধরনের, কখনো একাধিক সমস্যাও থাকতে পারে।
সব রোগীর এইডস পরীক্ষার প্রয়োজন আছে কি না, জানতে চাইলে পারভিন ফাতেমা বলেন, অনেক রোগীর স্বামী প্রবাসী। সে কারণে এইডস পরীক্ষা দেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, হেপাটাইটিস বি-এর সঙ্গে বন্ধ্যাত্বের সম্পর্ক নেই। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করানো হয় কিডনি ঠিকমতো কাজ করছে কি না, তা দেখতে। বয়স্ক রোগীদের জন্য এটা প্রয়োজন। প্যাপস্মিয়ার করে দেখা হয় নারী জরায়ুর ক্যানসারে ভুগছেন কি না। কিন্তু এসব পরীক্ষা করাতে হচ্ছে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসা ব্যক্তিদের।
প্রতিষ্ঠানের নাম গোপন রেখে বিএসএমএমইউর ব্যবস্থাপত্র এই প্রতিবেদক প্রথমে জাতীয় অধ্যাপক শাহলা খাতুনকে দেখান। তিনি বলেন, ‘২২-২৩ বছরের কোনো রোগী এলে পরামর্শ দিয়ে ছেড়ে দিই। কারণ, তাঁর হাতে অনেক সময়। ওজন বেশি হলে হাঁটতে, সাইকেল চালাতে, সাঁতার কাটতে বলি।’ তিনি বলেন, প্রয়োজন হলে খুব সাধারণ তিন-চারটি পরীক্ষার পরামর্শ দেন তিনি।
ব্যবস্থাপত্রটি দেখে স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরীও একই কথা বলেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যদি পরীক্ষা-নিরীক্ষা করতেই হয়, তাহলে বড়জোর আড়াই হাজার টাকা খরচ হতে পারে। সব রোগীর জন্য একই ধরনের পরীক্ষার ব্যাপারেও দ্বিমত প্রকাশ করেছেন শাহলা খাতুন ও টি এ চৌধুরী।
বিএসএমএমইউর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সূত্রগুলো বলছে, বন্ধ্যাত্ব ইউনিটে রোগী ভর্তির হার সবচেয়ে কম। ২০১২ সালে বিএসএমএমইউর স্ত্রীরোগ বিভাগে ভর্তি ছিলেন এক হাজার ৫৩ জন, প্রসূতি ইউনিটে ৯৬৪ জন, জটিল প্রসূতি রোগে এক হাজার ৫৪ জন ও ক্যানসারে ২২০ জন। কিন্তু বন্ধ্যাত্ব ইউনিটে এক বছরে ভর্তি থেকেছেন মাত্র ১১৬ জন।
অভিযোগ আছে, এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিনা মূল্যের বিছানায় ভর্তি রোগীরা অস্ত্রোপচার বিনা মূল্যে করাতে পারলেও বন্ধ্যাত্ব ইউনিটে এ সুবিধা নেই। ইউনিটের আল্ট্রাসাউন্ড মেশিন বছর দুয়েক বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।
জানতে চাইলে ইউনিটের প্রধান পারভিন ফাতেমা বলেন, ইউনিটটিতে সংস্কারকাজ চলছে। তবে রোগী ভর্তি বন্ধ নেই। সুইচবোর্ড লাগানো হয়নি বলে আল্ট্রাসাউন্ড মেশিনটি ব্যবহার হচ্ছে না। তবে ল্যাপারোস্কপি (একধরনের অস্ত্রোপচার) হচ্ছে।