সবার দাবি ‘ক্রস ড্যাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আট-নয় বছর আগে হরিশপুরে আঁর ঘরবাড়ি নদী খাইছে। অন তালতলীর দক্ষিণে ঘর বানাইছি। বা’জি, আঙ্গো বেকের দাবি এক্কান ক্রস বান (বাঁধ)। আমরা ক্রস বান চাই।’ গতকাল শুক্রবার বিকেলে সন্দ্বীপের আদালত ফটক এলাকায় ৮৫ বছরের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এভাবেই এলাকার পক্ষে ক্রস বাঁধের দাবি জানালেন। তাঁর মতো এলাকার মানুষের মূল দাবি, ‘সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম বাস্তবায়ন’। এটি বাস্তবায়িত হলে নদীভাঙন থেকে রক্ষা পাবে সন্দ্বীপ। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্দ্বীপ সফর ঘিরে এলাকার মানুষ একই প্রত্যাশা ব্যক্ত করল। সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ টিটু বলেন, ‘ক্রস ড্যাম আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা এখন এ স্বপ্নের বাস্তবায়ন চাই। পাশাপাশি যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্যসমস্যার সমাধান চাই আমরা।’ শেখ হাসিনা আজ শনিবার প্রধানমন্ত্রী হিসেবে সন্দ্বীপে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে আসছেন। তিনি আজ দুপুরে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স চত্বরে ইডকল (ইনফ্রাকস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি.) নবায়নযোগ্য শক্তি কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সন্দ্বীপ ডাকবাংলোতে সুধী সমাবেশে বক্তব্য দেবেন এবং বিকেলে হাজী আবদুল বাতেন কলেজসংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন। জানা গেছে, ১৯৯৪ সালে ষষ্ঠ সংসদে বিরোধীদলীয় নেত্রী থাকাকালে একবার শেখ হাসিনা সন্দ্বীপ সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম সফর। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই এলাকায় প্রধানমন্ত্রীর সন্দ্বীপ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০ দিন ধরে প্রধানমন্ত্রীর সন্দ্বীপ সফর উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা তদারক করছি। বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, র‌্যাব ও পুলিশের প্রায় দেড় হাজার সদস্য নিয়োজিত থাকবেন। চট্টগ্রামের পুলিশ সুপার (বিশেষ শাখা) ফারুক আহমেদ জানান, ৬৩৩ সদস্যের পুলিশ দল তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।জানা গেছে, ১৯৭০ সালের নির্বাচনের আগে এক নির্বাচনী সফরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্দ্বীপ সফর করেন। সে সময় তিনি সন্দ্বীপ-নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়টি স্মরণ করিয়ে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতারা দাবি আদায়ের চেষ্টা করবেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, গুপ্তছড়া-কুমিরা ও সদরঘাট-সন্দ্বীপ রুটে নিয়মিত স্টিমার সার্ভিস চালু এবং গুপ্তছড়া সড়ক ও দেলোয়ার খাঁ সড়ক পুনর্নির্মাণের মতো বিষয়গুলোও তুলে ধরবেন বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভাঙনকবলিত সন্দ্বীপে ভাঙন বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় সন্দ্বীপ-উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে ৬৫১ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার একটি উন্নয়ন প্রকল্প ছক প্রস্তুত করে পানিসম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। এতে সন্দ্বীপ-উড়িরচরের মধ্যবর্তী ৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ক্রস ড্যাম নির্মাণকাজের উল্লেখ করা হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ভূমি উদ্ধার, দুস্থ, দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসন; কৃষি উৎপাদন বৃদ্ধি; বেকারত্ব হ্রাসসহ দারিদ্র্য বিমোচন এবং নারীর কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমরা ক্রস ড্যামের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা প্রত্যাশা করব।’