চিংড়ি চাষের সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে শিগগিরই পরিবেশবান্ধব চিংড়ি চাষ নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার এক বছর ধরে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগরের জিয়া হলে আয়োজিত জাতীয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মত্স্য ও পশুসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস এ কথা বলেন। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত চিংড়ি উত্পাদনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে জাতীয় এ মহাসম্মেলনের যৌথ আয়োজক ছিল মত্স্য্রঅধিদপ্তর, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। এতে সারা দেশের চিংড়িচাষি, ঘেরমালিক, ডিপোমালিক, রপ্তানিকারক, প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সভাপতিত্ব করেন বিএফএফইর সভাপতি মো. মুছা মিয়া। সম্মেলনের শুরুতে প্রধান অতিথি মানুষকে পরিবেশবান্ধব চিংড়ি চাষে উজ্জীবিত করার জন্য প্রকাশিত একটি পোস্টারের মোড়ক উন্মোচন করেন।