সরকারি ও বেসরকারি পর্যায়ে সবার মতামতের ভিত্তিতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের বিধিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার পারিবারিক সহিংসতা প্রতিরোধবিষয়ক আইনের খসড়া বিধিমালার ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, জাতীয় সংসদে গত বছরের অক্টোবরে আইনটি পাস হয়েছে। ডিসেম্বরে গেজেট প্রকাশ হয়েছে। বর্তমানে আইনের বিধিমালা তৈরির কাজ চলছে।সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের অধীনে করা বিধির একটি খসড়া উপস্থাপন করেন এর প্রকল্প পরিচালক আবুল হোসেন। বিভিন্ন সংগঠন ও মানবাধিকারকর্মীদের মোর্চা নাগরিক জোটের পক্ষ থেকে অপর একটি খসড়া উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। ফলে কোন খসড়ার ওপর মতামত দেবেন, সভায় অংশগ্রহণকারীরা তা নিয়ে খানিকটা বিব্রত হন। তাঁরা এ দুটি খসড়া সমন্বয় করে পরে আবার সভা করতে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অনুরোধ জানান।শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকার চাইলে একাই বিধিমালা করতে পারত। কিন্তু গুরুত্বপূর্ণ আইনটি ব্যবহার করতে নারীরা যাতে জটিলতায় না পড়েন, সে উদ্দেশ্যেই সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।সভায় মহিলা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম ক্ষোভের সঙ্গে বলেন, ‘সরকার বিধিমালার খসড়া করেছে, কিন্তু জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে সে সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। গত পরশু নাগরিক জোটের খসড়া আমার হাতে পৌঁছায়। চিন্তা করছিলাম, আজকের সভায় আসব কি না।’প্রতিমন্ত্রী পরবর্তী সময়ে খসড়া তৈরির প্রক্রিয়ায় জাতীয় মহিলা সংস্থাকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। সভায় সাংসদ, মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা খসড়া বিধির ওপর বিভিন্ন সুপারিশ দেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, মূল আইনে উল্লেখ না থাকলেও সরকারের খসড়া বিধিতে কমিটি গঠনের কথা বলা হয়েছে। এ কমিটিতে ইমামদের রাখার কথা বলা হয়েছে। ইমামদের রাখা হবে কি না, সে বিষয়েও আগে সিদ্ধান্ত নিতে হবে। স্বল্প শিক্ষিত নারী যাতে টিক চিহ্ন দিয়ে ফরম পূরণ করে আইনের সহায়তা নিতে পারে, সে ব্যবস্থা করতে হবে।স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তাদের আইনের আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাঁদের কতটুকু প্রস্তুত করা হয়েছে, তাও ভেবে দেখা দরকার। প্রকল্প পরিচালক আবুল হোসেন পারিবারিক নির্যাতনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে বেশি নজর দেওয়া এবং আইনটি প্রচারে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।নাগরিক জোটের খসড়ায় শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতির বিষয়গুলোকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।