সবার মতামতের ভিত্তিতে বেসরকারি সম্প্রচার নীতিমালা চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গণমাধ্যমের নীতিমালা পর্যালোচনা ও দেশের সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বেসরকারি সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করবে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। রোববার বিকেলে সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে ওই নীতিমালার খসড়া প্রস্তাব নিয়ে আলোচনাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বেসরকারি সম্প্রচার নীতিমালার খসড়া কমিটির বৈঠকে উত্থাপন করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে কমিটি তাড়াহুড়ো করতে চাইছে না। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ১৮ আগস্ট কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই সভায় খসড়া নীতিমালাটি পড়াশোনার পাশাপাশি এ-সংক্রান্ত বিষয়ে কমিটির সদস্যদের খোঁজখবর নিয়ে আসতে বলা হয়েছে।ওবায়দুল কাদের বলেন, বিবিসি, সিএনএন, আল-জাজিরা ও এনডিটিভিসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জনপ্রিয় গণমাধ্যম কীভাবে চলছে, তা পর্যালোচনা করে এই নীতিমালা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, নীতিমালা চূড়ান্ত করার আগে এ-সংক্রান্ত স্বার্থসংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। কমিটিতে একটি প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পর তাদের কমিটির বৈঠকে আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।ওবায়দুল কাদের বলেন, খসড়া নীতিমালাটি অনলাইনেও দেওয়া হবে। এ বিষয়ে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন। অনলাইনে পাওয়া ভালো ও গুরুত্বপূর্ণ মতামত কমিটি বিবেচনায় নেবে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।