সবার মনে একই অনুভূতি রুশনারা এ দেশের মেয়ে
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে রুশনারা আলীর জয় তাঁর জন্মস্থান বিশ্বনাথের মানুষকে যেন বিশ্বজয়ের আনন্দ এনে দিয়েছে। উপজেলার গণ্ডি পেরিয়ে এ আনন্দের জোয়ার এখন সিলেট নগরেও দুর্বার বেগে আছড়ে পড়ছে। একই অনুভূতি কাজ করছে সবার মনে—রুশনারা শুধু বিশ্বনাথের মেয়ে নন, সিলেটের মেয়ে; বাংলাদেশের মেয়ে। এ আনন্দের অপার মহিমা সিলেটবাসীকে ভুলিয়ে দিয়েছে শত্রু-মিত্রের ভেদাভেদ। রুশনারার জয় যেন তাঁদের মধ্যে ভ্রাতৃত্বের রোশনাই ছড়াচ্ছে।এক কাতারে তাঁরা: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা হিসেবে বিশ্বনাথ হচ্ছে সিলেট-২। এ আসনে মহাজোটের সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক দিনের। তাঁদের সঙ্গে আবার বিরোধ রয়েছে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমানের। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে বরাবরই ভিন্নতা দেখা যায়। কিন্তু রুশনারার ক্ষেত্রে তাঁরা সবাই এক কাতারে। এম ইলিয়াস আলী বলেন, ‘ঐক্য-অনৈক্য বড় কথা নয়, একজন বাঙালি নারী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন—এটাই গৌরবের বিষয়। নিজ নিজ অবস্থান থেকে সবাই রুশনারার জন্য কাজ করতে পেরেছি বলেই তো আজ আমরা গর্ববোধ করতে পারছি।’সাংসদ শফিকুর রহমান চৌধুরী নির্বাচনের আগে থেকেই যুক্তরাজ্যে রয়েছেন। যুক্তরাজ্য থেকে টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘দলমতের ঊর্ধ্বে থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ফলে আমরা এমন বিজয় পেয়েছি। রুশনারার বাড়ি আমার নির্বাচনী এলাকায় হওয়ায় অন্যদের চেয়ে আমি বেশি আনন্দিত।’ মুহিবুর রহমান বলেন, ‘যেকোনো সুনাগরিকই নিজের দেশ ও দেশের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। রুশনারার বেলায়ও তা-ই হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর জন্য কাজ করেছি।’ জেলার অন্য রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও রুশনারার এ বিজয়ের ব্যাপারে অভিন্ন মতামত দেন। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ বলেন, ‘এ বিজয় আমাদের জন্য শুধু আনন্দ নয়, এটি আমাদের গৌরবেরও ব্যাপার।’ রুশনারাকে ‘বিজয়লক্ষ্মী’ বলে অভিহিত করে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ সিলেটের বিভাগীয় কমিটির সদস্যসচিব শামীমা শাহরিয়ার বলেন, ‘এ বিজয় প্রবাসী নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।’ সিলেটে প্রবাসী কল্যাণ সংগঠন ‘ওভারসিজ সেন্টার’-এর ট্রাস্টি সদস্য ও উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি আরশ আলীও রুশনারাকে বাঙালির ‘বিজয়লক্ষ্মী’ বলে অভিহিত করেন। আনন্দ শোভাযাত্রা: বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় পতাকা নিয়ে সিলেটবাসী গতকাল আনন্দ শোভাযাত্রা বের করে। সিটি করপোরেশনের উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের হয়। শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে। শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মেয়রপত্নী আসমা কামরান, সিটি করপোরেশনের সচিব হারুন-অর রশিদ মোল্লা বক্তৃতা করেন। বক্তারা বলেন, রুশনারা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ বিজয়ে ব্রিটেন-বাংলাদেশের মধুর সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশ্বনাথে রুশনারার গ্রামসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শোকরানা দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ চলছে। রুশনারাকে নিয়ে লেখা সংবাদ ও প্রতিবেদন পড়তে গতকাল সকাল থেকে সংবাদপত্রের দোকানগুলোতে ভিড় জমে। অভিনন্দন: ইউএনবি জানায়, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান স্টেফান ফ্রোউইন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় রুশানারা আলীকে অভিনন্দন জানিয়েছেন। ইউরোপীয় দিবসের প্রাক্কালে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান।