সবার মাথাব্যথা মাদক, প্রতিশ্রুতিতেও সবার আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে মাদকের সমস্যা বছরের পর বছর ধরে। এটাই এখানকার ভোটারদের বড় মাথাব্যথার কারণ। তাই ভোটারদের সমর্থন পেতে এই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতিকে রেখেছেন সবার আগে।
এ ছাড়া এ ওয়ার্ডের বেশির ভাগ এলাকা অনেকটা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রার্থীরাও সবাই নির্বাচিত হলে ওয়ার্ডকে পরিচ্ছন্ন করে তোলার আশ্বাস দিচ্ছেন।
অবশ্য পূর্ব তেজতুরী বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভোটের আগে প্রার্থীরা অনেক আশ্বাস দেন। এসবে কাজ হয় না। আমাদের সমস্যা নিয়া আমাদেরই দৌড়াইতে হয়।’
রাজধানীর কারওয়ান বাজার, তেজতুরী বাজার, তেজকুনীপাড়া নিয়ে গঠিত এ ওয়ার্ড অবস্থানগতভাবেও গুরুত্বপূর্ণ। এর পাশেই অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়। মিডিয়াপল্লি হিসেবে পরিচিতি পাওয়া কারওয়ান বাজার এ ওয়ার্ডে। কাঁচামালের বৃহত্তম পাইকারি বাজারও এটা।
এখানে ভোটার ৪৬ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ২৯ জন, নারী ২০ হাজার ৪৪৯ জন। স্থানীয় লোকজন জানান, এ ওয়ার্ডে রেললাইনের পাশের বস্তিকেন্দ্রিক মাদক ব্যবসা দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগে এ সমস্যার সমাধান হয়নি। এ প্রতিবেদককে এ ওয়ার্ডের মোট ছয়জন প্রার্থী বলেন, তাঁরা এ ওয়ার্ডকে মাদকমুক্ত করবেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম হাসান বলেন, তিনি খেলাধুলা ও সংস্কৃতির চর্চার সুযোগ করে দিয়ে তরুণদের মাদক থেকে ফেরানোর চেষ্টা করবেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থী নবী সোলায়মান বলেন, ‘সরকারই মাদক ঠেকাতে পারে না, আমরা কীভাবে ঠেকাব? তবে আমি নির্বাচিত হলে যথাসাধ্য চেষ্টা করব।’
ভাঙা রাস্তা এখানকার আরেক বড় সমস্যা। পূর্ব তেজতুরী বাজার ঘুরে দেখা যায়, পানির সরবরাহ লাইন মেরামতের জন্য প্রায় সব রাস্তার বুক চিড়ে রাখা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ‘মাত্র এক মাস আগে এ রাস্তার পিচ ঢালাই দেওয়া হইছিল। ১৫ দিন পরে ওয়াসার নিয়োগ দেওয়া একটি সংস্থা এসে রাস্তা কেটে ফেলেছে।’
এলাকা ঘুরে দেখা যায়, কারওয়ান বাজার, তেজতুরী বাজার আর তেজকুনীপাড়া এলাকা তিনটিই যেন ময়লার ভাগাড়। তেজকুনীপাড়ার তেজগাঁও মডেল হাইস্কুল এবং বি কে আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিটি করপোরেশনের চারটি বড় ময়লার ড্রাম ফেলে রাখা। এর মধ্য দিয়েই বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।
তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান এ ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী। তাঁর কর্মীরা ব্যানার ব্যবহার করে এবং অন্তত পাঁচটি নির্বাচনী ক্যাম্প তৈরি করে তাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন।
আচরণবিধি অনুযায়ী ব্যানার ব্যবহার নিষিদ্ধ এবং ৩০ হাজার ভোটারের এলাকার জন্য একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা যায়।
শামীম হাসান দাবি করেন, তাঁর নির্বাচনী ক্যাম্প একটি। তাঁর সমর্থকেরা তাঁকে খুশি করার জন্য ব্যানার লাগায় এবং ক্যাম্পও বানাচ্ছে। তিনি এসব করতে তাদের নিষেধ করেছেন। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. নবী সোলায়মান ভূঁইয়া। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তাঁর স্ত্রী ও ছেলেরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
নবী সোলায়মান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে জামিনে আছেন। বাকি দুটি মামলায় জামিনের জন্য হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেন, তবে জামিন হয়নি।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আরও দুজন এখানে কাগজে-কলমে প্রার্থী আছেন। তাঁরা হলেন ইকবাল হোসেন ও জোহরা রহমান। তাঁদের মাঠে কোনো তৎপরতা নেই। এর বাইরে জাতীয় পার্টির আবদুল বারেক, জামায়াতে ইসলামীর শরীফ মো. মিজানুর রহমান ও নির্দলীয় শহীদ চৌধুরী কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন।