প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব নাগরিকের মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার ব্যাপারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। গতকাল রোববার সকালে ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।লর্ড শেখের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশন স্থাপন এবং এ কমিশনের কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে তাঁর অঙ্গীকারের কথা উল্লেখ করেন।সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা পুনরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে।সন্ত্রাসবাদ এখন আর কিছু দেশ বা রাষ্ট্রের সীমানার মধ্যে সীমিত নয়। এটা এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা দরকার।