সবার যোগে ভাষা প্রতিযোগ


আমি বাংলাভাষী
বাংলা ভালোবাসি
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার ভায়ের ভাষা
বাংলা দিয়েই সবকিছু তাই হোক
সবার যোগে ভাষা প্রতিযোগ।
এ রকম একটা গান তৈরি করা হয়েছে এবারের ভাষা প্রতিযোগে। অনেক বছর ধরেই এই উৎসবের জন্য একটা গান চাইছিলাম আমরা। দ্বাদশ বর্ষে এসে যুক্ত হলো গান। ভাষা প্রতিযোগ মানে কিন্তু ‘প্রতিযোগিতা’ নয়। ভাষা প্রতিযোগ মানে ভাষার সঙ্গে আমাদের যোগ, সবার সঙ্গে সবার যোগ এবং প্রতিবছরই নতুন কিছুর সংযোগ। শুধু গান নয়, এ বছর যোগ হয়েছে বানান প্রতিযোগিতা—‘বানান বীর’ নামে একটা নতুন পর্ব।
শুরুর কথা
সেই ২০০৫ সাল থেকে শুরু হয়েছে। ভাষা নিয়ে কিছু একটা করতে হবে—এই তাগিদ থেকে এইচএসবিসি-প্রথম আলোর উদ্যোগে ভাষা প্রতিযোগ শুরু হয়। সবার মধ্যে ভাষাপ্রেম আছে—একে কাজে লাগিয়ে বাংলা ভাষাকে আমরা ‘কাজের ভাষা’ করে তুলতে চেয়েছি। এরপর ২০০৬, ২০০৭...এভাবে একে একে কেটে গেছে ১১টি বছর। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এই উৎসবে।
কী হয়?
ভাষা প্রতিযোগে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সারা দেশকে আমরা কয়েকটি অঞ্চলে ভাগ করে অনেকগুলো অনুষ্ঠান করি। নিবন্ধনকারী শিক্ষার্থীরা অনুষ্ঠানের দিন পরীক্ষায় অংশ নেয়। শ্রেণিভিত্তিক চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে বিজয়ীরা পরে ঢাকার জাতীয় উৎসবে অংশ নেয়।

আর কিছুই নয়?
সকালে উৎসব মাঠে সবাই হাজির হয়। আশপাশের জেলা থেকে শিক্ষার্থীরা আসে। এরপর পতাকা তুলে, বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। প্রতিযোগীরা পরীক্ষাকক্ষে যায়। পরীক্ষা শেষে প্যান্ডেলের নিচে এসে বসে। এরপর মঞ্চে থাকা শিক্ষকদের ভাষা-বিষয়ক বিভিন্ন প্রশ্ন করে তারা। মাঝে গান হয়, গুণীজনেরা দু-এক কথা বলেন। তবে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের ব্যাকুলতা এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ। ততক্ষণে ফলাফল নিয়ে হাজির হন পরীক্ষা নিয়ন্ত্রক।
এ বছর কোন কোন অঞ্চলে
এ বছর উৎসবকেন্দ্র মোট নয়টি—সিলেট, ময়মনসিংহ, যশোর, বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, সৈয়দপুর (নীলফামারী), নাটোর ও ঢাকা। ভাষা প্রতিযোগের কেন্দ্রীয় দল শিক্ষক, শিল্পী ও অতিথিদের নিয়ে সব অঞ্চল ঘুরে অনুষ্ঠান করে। স্থানীয় বন্ধুসভা অনুষ্ঠান আয়োজনে প্রধান ভূমিকা পালন করে। আর সারা দেশের শিক্ষার্থীরা তাদের কাছের অঞ্চলের প্রতিযোগে অংশ নেয়।
বানান বীর
মূল প্রতিযোগের বাইরে এবার ছিল একটি নতুন সংযোজন। বানানে কে শ্রেষ্ঠ—এটা যাচাই করার জন্য পাঁচ মিনিটের পরীক্ষা নেওয়া হয়। এরপর সেখান থেকে বাছাই করা হয় সেরা আটজনকে। এরা মঞ্চে একটা বানানের খেলায় অংশ নেয়। সেখান থেকে নির্বাচন করা হয় ওই অঞ্চলের ‘বানান বীর’কে। প্রতিটি অঞ্চলের বিজয়ী একজন ঢাকার উৎসবে আবার বানান খেলায় অংশ নেবে।
হয়ে গেল সিলেট, ময়মনসিংহ, যশোর
শুরু হয়েছিল সিলেট অঞ্চল থেকে। গত ১৮ মার্চ সিলেটের উৎসব শেষ করে আমরা চলে যাই ময়মনসিংহে। ১৯ মার্চ ময়মনসিংহ অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ ছিল যশোর অঞ্চলের অনুষ্ঠান। আয়োজনে কোন অঞ্চল সেরা হলো, তা জানিয়ে দেওয়া হয় ঢাকার চূড়ান্ত উৎসবে। এবার ‘সেরা অঞ্চল’ হওয়ার জন্য তিন অঞ্চলের আয়োজক ও শিক্ষার্থী সবাই কোমর বেঁধে নেমেছিল।
সিলেটে দেখা গেল, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে বিশাল এক গাছ আমাদের ছায়া দিয়ে রেখেছে। বেলুন উড়িয়ে দিতেই সেই গাছ সারা দিন সব বেলুন ধরে রাখল। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠেই আমরা নিয়ে এসেছিলাম বেলুনওয়ালাকে। সেই বেলুন ছাড়তে না ছাড়তেই উড়ে গেল আকাশে। আর যশোরে...জিলা স্কুলের বিশাল মাঠে বেলুন ছাড়ার পর অনেক রয়েসয়ে ধীরে ধীরে ওপরে উঠে গেল। এখন তোমরাই বলো, কোন অঞ্চল হবে সেরা অঞ্চল?
লেখক: সমন্বয়ক, ভাষা প্রতিযোগ