সবার শ্রদ্ধা নিবেদনের পর সুনসান হোলি আর্টিজান

সন্ধ্যা অবধি গুলশানের ৭৯ নম্বর সড়কে ছিল উৎসুক মানুষের আনাগোনা। অনেকে এসেছিলেন হোলি আর্টিজান বেকারিতে গত বছরের ১ জুলাই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। ভেতরে যেতে পারবেন না বলে অধিকাংশই ফেরত গেছেন। সন্ধ্যার দিকে পুলিশ ব্যারিকেড তুলে দিলে অনেকে বাড়িটিকে গেটের সামনে থেকে একপলক দেখার সুযোগ পান।
শনিবার দুপুর দুইটায় হোলি আর্টিজান বেকারিতে জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। সড়কের মুখে পুলিশ ব্যারিকেড দিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করে দেয়। এরপরও সন্ধ্যা অবধি ওই সড়কে ছিল উৎসুক মানুষের আনাগোনা। কেউ কেউ সন্তান ও পরিবারের সঙ্গে এসেছিলেন বাড়িটি এক পলক দেখতে।
জঙ্গি হামলায় নিহত ইশরাত আখন্দের বন্ধু তাহসিনা রহমান তাঁর মেয়েকে নিয়ে এসেছিলেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে। এ সময় তিনি তাঁর মেয়েকে নিয়ে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তাহসিনা রহমান বলেন, ‘আমাদের মানুষের মানসিকতায় সমস্যা আছে। আমরা অনেক চেঞ্জ (পরিবর্তন) হয়ে যাচ্ছি। আগের মতো আমরা নেই। কোনো একটা এক্সটার্নাল ব্যাড ইনফ্লুয়েন্স (বহিরাগত খারাপ প্রভাব) আছে আমাদের ওপর, যেটা আগে ছিল না। আসলে গোটা ওয়ার্ল্ডের একটা অংশ হয়ে গেছি আমরা। গ্লোবালাইজড একটা জায়গায় আছি আমরা। গ্লোবালি সবাই এই চ্যালেঞ্জ ফেস করেছে, আমরাও করেছি। এটা আমাদের ব্যাডলাক। আমরা সামনে আরও শক্তভাবে এটাকে হ্যান্ডেল করতে পারব।’
নিহত ইশরাত আখন্দের মামা চঞ্চল খান এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে। তিনি সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে। জঙ্গিবাদের উত্থান না ঘটে, তার চেষ্টা করতে হবে। পুলিশ প্রশাসন অনেক তৎপর আছে, এটা ঠিক আছে। তবে পরিবার ও প্রাথমিক পর্যায়ের শিক্ষায় কিছু ঘাটতি রয়েছে। এসব জায়গায় আরও মনযোগ দিলে পরিস্থিতির পরিবর্তন হবে।
হোলি আর্টিজান ও এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বেশ কিছু নিরাপত্তা চৌকি ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হোলি আর্টিজান প্রাঙ্গণে ঢোকার পথে কড়াকড়ি আরোপ করে পুলিশ। যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, তাদের একেক করে প্রবেশ করতে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষ হলে সবাইকে হোলি আর্টিজান প্রাঙ্গণ ত্যাগের জন্য অনুরোধ করে পুলিশ।
বাবাকে নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন নওশীন নোভা। গত বছর জঙ্গি হামলার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তাঁর ইচ্ছা ছিল দেশে এসে নিহতদের প্রতি সম্মান জানাবেন। তিনি যখন দেশে এলেন, তখন হোলি আর্টিজানে ঢোকার অনুমতি ছিল না। তাই আজ সুযোগ পেয়ে নওশীন শ্রদ্ধা নিবেদনের সুযোগ হাতছাড়া করেননি। ফুল দেওয়ার পর নওশীন নোভা বলেন, ‘তখন দেশে ছিলাম না। খুব করে চেয়েছি নিহতদের শ্রদ্ধা জানাব। তাই এখানে এসেছি।’
শ্রদ্ধা জানাতে এসেছিলেন নিহত ইতালীয় নাদিয়া বেনেদেত্তির ভাইয়ের স্ত্রী সামিনা ইয়াসমিন। ফুল দেওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি হোলি আর্টিজান প্রাঙ্গণ ঘুরে দেখেন।
ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন ঘটনা যেন আর এই মাটিতে না হয়। এ মাটিতে যেন আমাদের তরুণদের এ রকম প্রাণ দিতে না হয়, বিদেশিদের প্রাণ দিতে না হয়। আমরা যুদ্ধ করেছি সবার জন্য, বাংলার মাটি সকলের।’
নাগরিক দায়িত্বের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন শরিফ আহমেদ। তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনা থেকে শিক্ষা না নেওয়ার কারণে এমন ঘটে থাকে। তবে হতাশার কিছু নেই। সামনে অনেক আশা আছে।
অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক মো. আতাউর রহমান খান বিকেল তিনটার দিকে কলেজপড়ুয়া সন্তানকে নিয়ে হোলি আর্টিজান বেকারিতে আসেন। তিনি প্রথম আলোকে বললেন, এটা আমাদের জন্য অনেক বড় ট্র্যাজেডি। ছেলেকে বাড়িটা দেখাতে মিরপুর থেকে এসেছি।
৭৯ নম্বর সড়ক মুখের রাস্তা দিয়ে যেই যাচ্ছিলেন, সেই কৌতূহলী হয়ে উঁকি দিচ্ছিলেন। রিকশাযাত্রী, পথচারী একটু থেমে দাঁড়িয়ে দেখছিলেন। দ্রুতগতির ব্যক্তিগত গাড়িগুলো সড়কের সামনে এসে গতি কমিয়ে দিচ্ছিল। বিকেল চারটার নাগাদ এক বাবা তাঁর মেয়েকে নিয়ে আসেন। তিনি জানতেন না দুপুরের পর কাউকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাশ হয়ে তিনি ফেরত যান।
পুরোটা বিকেলে জুড়ে প্রায় জনা পঞ্চাশেক মানুষকে সড়কের মুখ থেকেই ফেরত যেতে দেখা যায়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সড়কের মুখের পুলিশ ব্যারিকেড তুলে দেওয়া হয়। তখন অনেকে বাড়ির ভেতরে যেতে না পারলেও বাড়িটির মূল ফটকে সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। কেউ কেউ বাড়িটির গেইটের সামনেই ফুল দেন।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি গাড়িতে করে দুই শিশুসহ পাঁচ অস্ট্রেলিয়ান নাগরিক হোলি আর্টিজান বেকারিতে আসেন। তাঁরা বাড়িটির ভেতরে যেতে পারেননি। বাড়িটির ফটকের সামনে ফুল রেখে কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থাকেন। এরপর তাঁরা চলে যান।
সাড়ে ছয়টার দিকে সড়কের মুখে থাকা পুলিশ সদস্যরা বাসে করে চলে যায়। এর আগে সড়কটির মুখে ব্যারিকেডও সরিয়ে ফেলা হয়।

এর আগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘অপশক্তিদের প্রতিহত করতে হবে। অপশক্তিকে যদি প্রতিহত করতে হয়, আমাদের সম্মিলিতভাবে এদের মোকাবিলা করতে হবে। আমাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সর্বক্ষেত্রে আমাদের জনতার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। একই সঙ্গে আমাদের রাজনৈতিক ঐক্যও দরকার, যাতে অপশক্তিকে সহজেই প্রতিহত করা যায়।’
এরপর ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়। এরই মধ্যে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। হালকা বৃষ্টির মধ্যেই সাংবাদিকদের অনুরোধে তিনি বলেন, ‘আজকের এই দিন পালন করার মধ্য দিয়ে এটা স্মরণ করিয়ে দেওয়া যে, আমাদের সন্তানেরা যেন বিপথে না যায়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার না পাওয়ার সংস্কৃতি আমাদের ওপর জেঁকে বসেছে। রামুর ঘটনা যদি তখন যথাযথভাবে বিচার হতো, তাহলে কিন্তু গাইবান্ধার ঘটনা ঘটে না। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে তাহলে আমাদের যে বিচার না পাওয়ার বা বিচার থেকে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতিটা এটা কিন্তু রাজনৈতিকভাবে শক্তভাবে ধরতে হবে।’
রাশেদা কে চৌধূরীর কথা শেষ করতে না করতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। হোলি আর্টিজানের অস্থায়ী বেদিতে রাখা শ্রদ্ধা নিবেদনের ফুলের তোড়াগুলো বৃষ্টির পানি থেকে রক্ষা করতে পুলিশ ও হোলি আর্টিজানের কর্মচারীরা পলিথিন দিয়ে ঢেকে দেন। এরপর যে যার মতো আশ্রয়ের উদ্দেশে ছুটতে থাকেন। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় হোলি আর্টিজান প্রাঙ্গণ। সুনসান নীরবতা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে হোলি আর্টিজান।