সবার সমান সুযোগ পুরোপুরি পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান। গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান। গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তোলা l প্রথম আলো

অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশের সব নাগরিকের সমান সুযোগের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। একই ভাবে ধর্ম ও গোষ্ঠীতে বিভেদ না থাকার প্রত্যাশাও পুরোপুরি পূরণ হয়নি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গতকাল শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রেহমান সোবহান এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশের সংবিধানে লেখা ও আমার আশা ছিল যে, সব নাগরিক একই সুযোগ পাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। কোনো ধর্ম বা গ্রুপে তফাত থাকবে না। দুর্ভাগ্যজনকবশত, পুরোপুরি তা পূরণ হয়নি। বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল সব নাগরিকের সমান সুযোগ থাকবে।’

অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গুরুত্ব আছে এই দেশে। যদি এ দেশে সবার সমান সুযোগ থাকত তো এ রকম পরিষদের হয়তো দরকার হতো না। আন্দোলন করে বা সব রাজনৈতিক দল মিলে এটা বাস্তবায়ন করতে হবে।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গি বর্জন ও জঙ্গির পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। এবারের রাজনৈতিক যাত্রায় জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচন করার পাশাপাশি জঙ্গির পৃষ্ঠপোষকদের বর্জন করা হবে। তিনি বলেন, দেশে রাজনৈতিক সমস্যা রয়ে গেছে। একবার রাজাকারের সরকার, একবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার। এই রাজনীতির মিউজিক্যাল চেয়ার যত দিন চলতে থাকবে, তত দিন দেশের গরিব, সাধারণ মানুষ এবং আদিবাসী সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা হুমকি বা বিপদের মধ্যে থাকবে।

সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে তাঁর দলের নির্বাচনী ইশতেহারে বিশেষ আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়ার কথা থাকবে। এ ছাড়া সংসদে সংখ্যালঘুদের জন্য বিশেষ কোটার ব্যবস্থার কথাও উল্লেখ থাকবে।

সম্মেলনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পরিষদের সভাপতি হিউবার্ট গোমেজ, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

নবম জাতীয় ত্রিবার্ষিক এই সম্মেলনে সারা দেশ থেকে পরিষদের জেলা, উপজেলা ও থানা কমিটির হাজারো কাউন্সিলর, ডেলিগেট এবং নেতা অংশ নেন। দুই দিনব্যাপী সম্মেলন আজ শনিবার শেষ হবে।