সবার সহযোগিতা চায় পূজা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটি। মৌলবাদী গোষ্ঠীর উত্থান, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে শঙ্কাও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদ এ শঙ্কা প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি বিদ্যালাল শীল, পূজা উদ্যাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন তালুকদার প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, এবার নগরে ২৯৮টি সর্বজনীন ও ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়। এতে আরও বলা হয়, ‘বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, জবরদখল, প্রতিমা ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা চলছে। মৌলবাদী গোষ্ঠীর গোপন কার্যক্রম এখনো চলছে। তাই আমরা শঙ্কিত। তবে পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
সংবাদ সম্মেলনে পূজা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি ঘোষণা, বিভিন্ন মঠ মন্দির, বৌদ্ধমন্দির ও ঘরবাড়িতে হামলার বিচার, দখল হয়ে যাওয়া দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ১৮ দফা দাবি পেশ করা হয়।