সবার সহযোগিতায় সমাজ হতে পারে মাদকমুক্ত
‘মানুষ মাদকাসক্ত হলে অমানুষ হয়ে যায়। তারা নৈতিকতা, চিন্তা-চেতনা ও বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাদকাসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে আমরা শঙ্কিত।’ প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল গতকাল শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজে মাদকবিরোধী পরামর্শ সভায় এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া সমাজ মাদকমুক্ত হতে পারে না। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কলেজের ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন সঞ্চৃতি মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পরামর্শ সভাটি শুরু হয়। বক্তব্য শেষে মোহিত কামাল উপস্থিত সবাইকে মাদককে ‘না’ বলার শপথ পাঠ করান।
পরামর্শ সভায় ইস্পাহানী ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান মো. মোসলেউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সিগারেটের সঙ্গে কখনো বন্ধুত্ব করা উচিত নয়। এই ‘বন্ধুরা’ই একসময় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার দিকে নিয়ে যায়।
সভায় আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া, ইস্পাহানী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সফিউল আজম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল প্রমুখ।
এই বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ধূমপান থেকে ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ে। সেসব বন্ধু ধূমপান করে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেনের সঞ্চালনায় পরামর্শ সভা শেষে মাদকের কুফল ও সচেতনতামূলক বিষয় নিয়ে গম্ভীরা পরিবেশন করা হয়। এতে নানার চরিত্রে চান মিয়া শিকদার এবং নাতির চরিত্রে ইসমাইল হোসেন অভিনয় করেন।