সবার সামনে জান্নাতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই পা দুটি পাতা থেকে হাঁটু পর্যন্ত বাইরের দিকে বেঁকে যায়। ডান হাতটিও তালু থেকে কবজি পর্যন্ত খানিকটা বাঁকা। যে কারণে অন্য ১০ জন স্বাভাবিক শিশুর মতো বেড়ে ওঠা হয়নি। শরীরের কারণে স্বাভাবিক জীপনযাপনে ছন্দপতন হলেও লেখাপড়াতে একটুও ছেদ পড়েনি জান্নাতুল ফেরদৌসের।
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে নিজের স্কুলের ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র সে-ই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
জান্নাতুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নিলেও একমাত্র জান্নাতুলই পেয়েছে জিপিএ-৫। জান্নাতুলের বাড়ি উপজেলার মশাখালী গ্রামে। বাবা আসবাবপত্র ব্যবসায়ী আফজালুর রহমান ফকির। মা জাহানারা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জান্নাতুল বড়।
জান্নাতুলের মা-বাবা বলেন, শারীরিক প্রতিবন্ধিকতা থাকার পরও পড়াশোনার প্রতি জান্নাতুলের ছিল ব্যাপক আগ্রহ। ইচ্ছাশক্তির কারণেই সে আজ সাফল্য পেয়েছে। জান্নাতুল বলে, ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করে চিকিৎসক হতে চায় সে।
আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, জান্নাতুল এ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হতে এসেছিল। সেদিন তার বাবা তাকে কোলে করে বিদ্যালয়ে নিয়ে এসেছিলেন। এর পর থেকে প্রতিদিনই মেয়েটির মা তাকে স্কুলে আনা-নেওয়া করতেন। তার সাফল্যে বিদ্যালয়ের সবাই আনন্দিত।