সবার সামনে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, দেখল না কেউ!
শাহবাগের ব্যস্ত রাস্তায় গতকাল রোববার দুপুরে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন। তখন রাস্তা ও ফুটপাতে অনেক মানুষ থাকলেও কেউ চাপা দেওয়া গাড়ির নম্বরটি জানাতে পারেননি। পুলিশ বলছে, তারা দুর্ঘটনাস্থলে যাওয়ার পর কেউই দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির বিষয়ে তথ্য দেননি বা দিতে চাননি।
গতকাল রোববার বেলা সোয়া দুটার দিকে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি মনসুর আলী (৩০) তাঁর বড় ভাইয়ের কিডনির চিকিৎসার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চানগাঁও গ্রামে। মনসুরের বড় ভাই জহুর আলী কিডনি সমস্যায় দেড় মাস ধরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। ভাইয়ের দেখাশোনার জন্য তাঁর সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন মনসুর। গতকাল বিএসএমএমইউতে ভাইয়ের রোগনির্ণয় পরীক্ষার রিপোর্ট নিতে এসেছিলেন তিনি। বেলা ২টা ১০ মিনিটে বিএসএমএমইউর পার্কিং গেটের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। আশপাশের লোকজনের কেউ গাড়িটি শনাক্ত করতে পারেননি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, মনসুর যখন দুর্ঘটনায় পড়েন তখন আশপাশে অনেক মানুষ ছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর যখন গাড়িটিকে শনাক্ত করতে লোকজনের সহায়তা চাইল, তখন কেউই গাড়িটিকে দেখেনি বা দুর্ঘটনার সময় সেখানে ছিলেন না বলে জানান। তিনি বলেন, এখন ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করবে পুলিশ। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।