সবার সুন্দর স্কুল, ওদেরটা ভাঙা
প্রতিষ্ঠার পর থেকেই বাঁশের বেড়া আর ওপরে টিনের চাল দিয়ে কোনোরকমে চলছিল রংপুর নগরের আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু গত কয়েক বছরে সেই বেড়া আর টিনের চালও ভেঙে গেছে। তাই রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে এখানকার শিশুশিক্ষার্থীদের।
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রেশমা আক্তার ও তাসনিয়া আক্তার জানায়, ভাঙা শ্রেণীকক্ষে তাদের পড়ায় মন বসে না। সবাই সুন্দর সুন্দর স্কুলে পড়ে। ওদের স্কুলকে ভাঙা স্কুল বলে সবাই।
নগরের ৮ নম্বর ওয়ার্ডে তপোধন এলাকার দক্ষিণ কার্তিক গ্রামে ২০০১ সালের জানুয়ারিতে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। কিন্তু এর অবকাঠামোর কোনো পরিবর্তন আসেনি। ফলে গত মে মাসে এটির বড় একটি অংশের বেড়া ও টিনের চাল একেবারেই ভেঙে পড়ে। তখন থেকে বিদ্যালয়টির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, প্রধান শিক্ষকসহ এখানে চারজন শিক্ষক আছেন। শিক্ষার্থী আছে ২৫০ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন দশায় শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে।
সহকারী শিক্ষক রেজওয়ানা খাতুন বলেন, শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। স্কুলের এ দশায় ওদেরও মন খারাপ হয়ে যায়।
প্রধান শিক্ষক ফজিলা বেগম বলেন, বিদ্যালয়টি সরকারি হওয়ার পরও এর অবকাঠামোগত উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত কয়েক মাসে একাধিকবার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করাসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আবেদন করা হয়েছে। জরুরি ভিত্তিতে শিক্ষা বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।