সবার সেরা সেঁজুতি
>

আবেগমাখা কণ্ঠের আবৃত্তিতে আগেও বাহবা পেয়েছেন। এবার আরও বড় স্বীকৃতি। শুধুই কী আবৃত্তি, রবীন্দ্রসংগীতেও তাঁর সমান বিচরণ। পড়ুন সেঁজুতির গল্প
‘আমিই সেই মেয়ে/ বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন/ যার শাড়ি, কপালের টিপ...।’ শুভ দাশ গুপ্তের সেই কবিতা। পুরোদস্তুর জীবন্ত হয়ে ওঠে সমাজের অনাচারে পিষে মারা নারীর বেদনা। প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়। সেঁজুতির কণ্ঠেও দারুণ খেলে এই কবিতা। আবেগমাখা কণ্ঠের আবৃত্তিতে আগেও বাহবা পেয়েছেন। এবার আরও বড় স্বীকৃতি। একেবারে সবার সেরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে সারা দেশে প্রথম হয়েছেন সেঁজুতি। ১২ মার্চ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর বসে ঢাকার আগারগাঁওয়ের সংগীত কলেজে।
চট্টগ্রামের মেয়ে সেঁজুতি দে দেশের সেরা ফেসবুকে একটি পোস্টে প্রথম খবরটা চাউর হয়। ঘণ্টা খানেকের মধ্যেই অভিনন্দনের যেন জোয়ার শুরু হয়। এরপর সেঁজুতির মুঠোফোনে যোগাযোগ। অতঃপর ১৫ মার্চ সাক্ষাৎকার। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। শুরুতেই সেই মুহূর্ত—‘আমিই সেই মেয়ে।’ সেঁজুতি বললেন, ‘শুভ দাশ গুপ্তের কবিতাটি আবৃত্তির সময় গলার সবটুকু ঢেলে দিয়েছিলাম। বিচারকদের বাহবা পেলাম। শেষে ফলাফলে মিলল সেরার স্বীকৃতি। আনন্দে আমি তখন আত্মহারা।’
প্রতিযোগিতায় সেঁজুতিকে পেরোতে হয়েছে বেশ কয়েকটি ধাপ। প্রতিটি ধাপই অনেকটা নকআউট পদ্ধতির মতো। কেবল প্রথমই হতে হবে। কলেজ, জেলা ও বিভাগ উতরে শেষে চূড়ান্ত পর্বে। সেখানেও বাজিমাত করেছেন তিনি। অবশ্য সেঁজুতির জন্য এ রকম নতুন নয়। জয়ের যে ধারা শুরু হয়েছে দ্বিতীয় শ্রেণি থেকে। বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছেন শতাধিক পুরস্কার।
এবার শুরুর গল্পে আসি। সেঁজুতি জানান, বাবা স্বপন কুমার দের চাকরিসূত্রে তাঁর বেড়ে ওঠা ফেনী শহরে। মা শ্রাবণী প্রভা দত্ত শিক্ষক। তবে পড়ালেখার পাশাপাশি মা চাইতেন মেয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলেও বিচরণ করুক। ঘরেই ধরিয়ে দিলেন হারমোনিয়াম। সা-রে-গা-মা–পার শুরু মায়ের হাত ধরে। খানিকটা হাত পাকিয়ে শিশু একাডেমিতে। বয়স বাড়ার সঙ্গে পরিপক্ব হতে থাকেন প্রতিটি স্তরে। শেষে ‘থিতু’ হলেন আবৃত্তি আর রবীন্দ্রসংগীতে। আবৃত্তিতে সেঁজুতি নাম কুড়ালেও কম যান না রবীন্দ্রসংগীতে। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীতশিল্পী তিনি। এতেও জাতীয় পর্যায়ে রয়েছে পুরস্কার। ২০০৬ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতার রবীন্দ্রসংগীতে দ্বিতীয় হন। এ ছাড়া স্থানীয়ভাবেও জিতেছেন নানা পুরস্কার। এখনো তালিম নিচ্ছেন। শিখছেন শিল্পী শ্রেয়সী রায়ের কাছে।
এত কিছু হয়, পড়ালেখা ঠিকঠাক তো? এমন প্রশ্নে এক গাল হেসে বলেন, ‘সেটা তো সবার আগে। বাকি সব পরে। মূলত আগ্রহ থাকলে সবখানে ভালো করা যায়।’ সেঁজুতি এখন পড়ছেন চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে। তৃতীয় বর্ষে অর্জন করেছেন সিজিপিএ ৩ দশমিক ৭৮। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিকে মেধাতালিকায় স্থান করে নিয়ে পেয়েছেন বৃত্তি। এসএসসিতে জিপিএ-৫, এইচএসসিতে ৪ দশমিক ৮০। লেখাপড়া, আবৃত্তি, রবীন্দ্রসংগীত—এত প্রাণশক্তির অনুপ্রেরণা? বললেন, ‘আমার মা এত দূর টেনে নিয়ে এসেছেন। বাবা গুরুত্ব দিতেন বেশি পড়ালেখায়। মায়ের কথা—“সব করতে হবে”। ব্যস, আমিও আদাজল খেয়ে লেগে পড়ি। শত ঝড়ঝাপটায় মা তো আছেনই।’
সেঁজুতি যুক্ত আছেন আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের সঙ্গে। সাংস্কৃতিক আন্দোলন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা তাঁর। বললেন, ‘সব অনগ্রসরতা দূর করে গান আর কবিতা। এ জন্য দুটোর সঙ্গেই আমি, থাকবও সারা জীবন।’