সবার স্বার্থেই পরিবেশবান্ধব ড্যাপ
বাস্তবিক অর্থেই ঢাকা পুরো বাংলাদেশের প্রাণ। দিন-রাত ২৪ ঘণ্টা ব্যস্ত এ শহরের মানুষ। এখানে যেমন সমস্যা আছে, তেমনি আছে বিপুল সম্ভাবনাও। সমস্যাগুলোকে কমিয়ে সম্ভাবনাগুলোকে যাতে আরও উজ্জ্বল করা যায়, মানুষের জীবনমান যাতে বাড়ে এবং শহরের যেন টেকসই উন্নয়ন হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সে লক্ষ্যেই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) তৈরির বিশাল কর্মযজ্ঞটি হাতে নিয়েছে।
১৯৫৩ সালের নগর উন্নয়ন আইনে (টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট) রাজউককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ আইন মেনে এবার এমন একটি ড্যাপ প্রণয়নের চেষ্টা করা হয়েছে, যাতে এর মাধ্যমে নগর ও তার বেশির ভাগ মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।
খসড়া ড্যাপটি তৈরি করতে গিয়ে আগের পরিকল্পনাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। ভৌত জরিপ করা হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি, এটি নিয়ে আরও আলোচনার সুযোগ আছে। আলোচনার সুবিধার্থেই এবার পূর্ণাঙ্গ পরিকল্পনাটি বাংলায় প্রকাশ করা হয়েছে।
কিন্তু আলোচনা করতে গিয়ে বিভিন্নজন নানা গণমাধ্যমে ড্যাপের কিছু প্রস্তাব বা কর্মকৌশল নিয়ে আংশিক তথ্য তুলে ধরেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্নগুলোর উত্তর দিতে এবং বিভ্রান্তিগুলো দূর করতেই আমাদের এই প্রয়াস।
কার্যপরিধি অনুযায়ী মোট পাঁচটি ধাপ অনুসরণ করে ড্যাপ (২০১৬-২০৩৫) প্রণয়ন করতে বলা হয়েছে। এগুলো হচ্ছে প্রারম্ভিক ধাপ, জরিপ, অন্তর্বর্তীকালীন ধাপ, খসড়া পরিকল্পনা ও চূড়ান্ত পরিকল্পনা। পরিকল্পনা চূড়ান্ত করার ধাপটি এখন চলছে।
জনসংখ্যা ও চাহিদার বিশ্লেষণ
শহর নিয়ে পরিকল্পনার মূল উপজীব্য হচ্ছে শহরের মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা শহর নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই শহরের কত মানুষ হবে, তাঁদের চাহিদা কেমন হবে, সেসব বিষয়েও আলোচনা করা হয়েছে।
নতুন ড্যাপ প্রণয়নের কাজ চলছে ২০৩৫ সাল পর্যন্ত ২ কোটি ৬০ লাখ মানুষের কথা মাথায় রেখে (প্রথম খণ্ড, অনুচ্ছেদ ১.২.৩)। এ–সংক্রান্ত আরও তথ্যের বিশদ উপস্থাপন হয়েছে খসড়া প্রতিবেদনের দ্বিতীয় খণ্ডের ১.২ অনুচ্ছেদে। উপ-অঞ্চলভিত্তিক বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাব্য (প্রক্ষেপিত) জনসংখ্যা, চাহিদা অনুযায়ী বিভিন্ন নাগরিক সুবিধার তালিকাও খসড়া প্রতিবেদনের দ্বিতীয় খণ্ডে বিস্তারিতভাবে আছে।
জলাশয় নিয়ে সুস্পষ্ট প্রস্তাবনা
কেউ কেউ বলছেন, নতুন খসড়া পরিকল্পনায় আবাসিক এলাকা, কৃষি অঞ্চল, বনাঞ্চল, মিশ্র ব্যবহারের এলাকা, উন্মুক্ত স্থান, বাণিজ্যিক এলাকা ও শিল্প এলাকার প্রস্তাবনা থাকলেও কোথাও জলাভূমি বা প্লাবন ভূমির উল্লেখ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, খসড়া প্রতিবেদনের প্রথম খণ্ডের সারণি ৩.৪ ও ৩.৫.৩ (১২) অনুচ্ছেদে জলাশয় সম্পর্কে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া আছে।
কার্যপরিধি অনুযায়ী মোট পাঁচটি ধাপ অনুসরণ করে ড্যাপ (২০১৬-২০৩৫) প্রণয়ন করতে বলা হয়েছে। এগুলো হচ্ছে প্রারম্ভিক ধাপ, জরিপ, অন্তর্বর্তীকালীন ধাপ, খসড়া পরিকল্পনা ও চূড়ান্ত পরিকল্পনা। পরিকল্পনা চূড়ান্ত করার ধাপটি এখন চলছে।
এবার রাজউকের আওতাধীন এলাকার সিএস, আরএস এবং এমএস—এই তিন ধরনের মৌজার জলাশয়গুলোর (পুকুর, খাল, নদী) ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে জলাশয়গুলো কীভাবে চিহ্নিত করা হয়েছে, তা প্রথম খণ্ডের ৩.৫.২ অনুচ্ছেদে বর্ণিত আছে। এই তথ্যভান্ডার ব্যবহার করে ভবিষ্যতে যেকোনো নদী বা খালের জমি পুনরুদ্ধার করা যাবে।
ড্যাপের আওতাভুক্ত এলাকায় মোট ২৯ হাজার ৭০০ একর এলাকা বিভিন্ন শ্রেণির জলাশয়, যেমন নদী, খাল, লেক, দিঘি, পুকুর ও জলভিত্তিক পার্ক হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই এলাকা বর্ধিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট আয়তনের চেয়েও বড়।
এ ছাড়া ৭৫টি উপ-অঞ্চলের প্রতিটিতে ভবিষ্যৎ নগর সম্প্রসারণের পরিমাণের ওপর ভিত্তি করে ৫ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ এলাকা পার্ক, খেলার মাঠ, পুকুরসহ অনাচ্ছাদিত রাখার প্রস্তাব করা আছে (প্রথম খণ্ড, অনুচ্ছেদ ৬.১.৪)। এগুলো ওই উপ-অঞ্চলের স্থায়ী বা অস্থায়ী জল ধারণ এলাকা হিসেবে ব্যবহৃত হবে।
নতুন ড্যাপের খসড়ায় খাল উদ্ধারের মাধ্যমে নদী, খালসহ প্রাকৃতিক জলাশয়ের সমন্বয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার সুস্পষ্ট প্রস্তাব দেওয়া আছে। এতে উপেক্ষিত জলপথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ৫৬৬ কিলোমিটার নৌপথ উন্নয়নের সুনির্দিষ্ট প্রস্তাব আছে (প্রথম খণ্ড, অনুচ্ছেদ ৬.২.৩)।
পরিপূর্ণ জিআইএস ডেটাবেইস
নতুন খসড়া ড্যাপের তথ্য-উপাত্তে যাতে কোনো ফাঁকফোকর না থাকে, তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া হয়েছে। খেয়াল রাখা হয়েছে যেন বিভিন্ন প্রশাসনিক এলাকার ঘনত্ব, হাউজিং স্টক, ফ্লোর ব্যবহারের বিদ্যমান তথ্য-উপাত্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
এ জন্য রাজউকের অন্তর্ভুক্ত ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার ত্রিমাত্রিক স্যাটেলাইট ইমেজের ওপর ভিত্তি করে একটি পরিপূর্ণ জিআইএস তথ্যভান্ডার প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায় থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে। সরেজমিনে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে, যার বিস্তারিত বিশ্লেষণ ড্যাপের জরিপ প্রতিবেদনে আছে।
সাশ্রয়ী আবাসন
ঢাকা শহর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শহরের মোট জনসংখ্যার বড় একটি অংশ নিম্ন আয়ের। এমন মানুষের জন্য চাই সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা।
খসড়া ড্যাপেও নিম্ন আয়ের মানুষের আবাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এর অংশ হিসেবে নিম্ন ও নিম্ন–মধ্যবিত্তদের জন্য সুলভ আবাসনের জন্য সাধারণ বিধানের তুলনায় কিছু ক্ষেত্রে বিধান শিথিলের সুপারিশ করা হয়েছে। যেন সম্পদশালীরা নিম্ন আয়ের মানুষের আবাসনে উৎসাহিত হন। পৃথিবীর প্রায় সব বড় শহরেই এ ধরনের ব্যতিক্রমের দৃষ্টান্ত আছে।
ঢাকায় ২০ ফুটের কম প্রশস্ত রাস্তা মোট রাস্তার দৈর্ঘ্যের প্রায় ৯০ শতাংশ। ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮’ অনুযায়ী, ইমারত নির্মাণে রাস্তার ন্যূনতম প্রশস্ততা ৮.৪ ফুটের কম হলে নির্মাণকাজ অনুমোদন পাবে না।
এ ছাড়া ‘উন্নয়ন স্বত্ব বিনিময়’ (টিডিআর), সুলভ আবাসনের সংস্থান রাখার বিনিময়ে উন্নয়ন প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে করে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমেও নিম্ন আয়ের মানুষের জন্য আবাসনের জোগানের পথ প্রশস্ত হবে। এটি তাঁদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, যা টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।
এলাকাভিত্তিক জনঘনত্ব
একটি এলাকায় কত মানুষ থাকবে, ওই সব মানুষের নাগরিক সেবার মান কেমন হবে—পরিকল্পনায় সে বিষয়ে আলোকপাত করা খুব গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিটি এলাকারই একটি নিজস্ব ধারণক্ষমতা থাকে। ধারণক্ষমতা অতিক্রম করলে তার চাপ সব ধরনের সেবার ওপরই পড়ে।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে এলাকাভিত্তিক জনঘনত্ব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। সে আলোকেই ড্যাপে জনঘনত্ব নিয়ন্ত্রণের বিষয়টি এসেছে। যথাযথভাবে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) ও এমজিসি মেনেও জনঘনত্ব নিয়ন্ত্রণ করা সম্ভব।
কিন্তু বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালায় ‘এফএআর’-এর মান পর্যালোচনা করে দেখা গেছে, এর মান বিশ্বের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি। এর ফলে ঢাকার কেন্দ্রীয় এলাকায় জনসংখ্যার চাপ ক্রমান্বয়ে বাড়ছে।
তাই বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে জনঘনত্ব পরিকল্পনায় ডুয়েলিং ইউনিটের পাশাপাশি এলাকাভিত্তিক ‘এফএআর’ এবং ‘এমজিসি’-এর প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। এ নিয়ে এখনো আলোচনা চলছে। ঢালাওভাবে কোথাও বলা হয়নি যে এফএআর ও এমজিসি নির্মাণের বিধি থেকে বাদ দিতে হবে।
বাস্তুসংস্থান পরিস্থিতি
প্রক্রিয়াধীন ড্যাপে হাইড্রোলজিক্যাল বিশ্লেষণ এবং বাস্তুসংস্থান সংরক্ষণ ও পুনরুজ্জীবন নিয়ে আলাদা অনুচ্ছেদ রাখা হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ঢাকার কোনো নগর-পরিকল্পনা প্রতিবেদনে এই প্রথম হাইড্রোলজিক্যাল মডেল প্রস্তুত করা হয়েছে। যেখানে ‘ফ্লাড অ্যাকশন প্ল্যান’সহ আগের সংশ্লিষ্ট সমীক্ষা ও পরিকল্পনার বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
পরিকল্পনা এলাকার নদীবাহিত বন্যার দ্বিমাত্রিক গাণিতিক মডেল প্রণয়ন করা হয়েছে। তা ছাড়া উদ্ভিদ ও জীববৈচিত্র্য নিয়ে এর আগে ঢাকার কোনো পরিকল্পনায় এর থেকে বিস্তারিত কোনো কাজ নেই। উদ্ভিদ ও জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদনের বিভিন্ন অনুচ্ছেদে বিস্তারিত নির্দেশনা বিদ্যমান।
দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব
আগুন লাগা ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মিশ্র ব্যবহারের এলাকায় বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার (পরিবেশদূষণকারী ও ভারী শিল্প স্থাপন) পরিহার করতে বলা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং জনমানুষের নিরাপত্তা বিঘ্নকারী সব কর্মকাণ্ড মিশ্র ব্যবহার এলাকায় নিষিদ্ধ করে তার জন্য সম্পূর্ণ আলাদা জোনের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রথম খণ্ডের ৩.৫.৩ অনুচ্ছেদে পুরান ঢাকায় বিদ্যমান দাহ্য ও রাসায়নিক শিল্পকারখানা পর্যায়ক্রমে স্থানান্তরের কথা বলা হয়েছে। পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলাদা সেকশন রাখা হয়েছে। ভবন ধসরোধে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বাংলাদেশ (জিএসবি) প্রস্তুত করা রাজউকের আওতাধীন এলাকার মধ্যে অবকাঠামোগত নির্মাণের উপযুক্ততা মানচিত্র পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে প্রথম খণ্ডের ৪.৭.২ অনুচ্ছেদে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পে আশু কর্তব্য পরিকল্পনা বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা রয়েছে। প্রথম খণ্ডের ৬.১.৪ অনুচ্ছেদে এলাকাভিত্তিক জল ধারণের সুপারিশ করা হয়েছে। প্রথম খণ্ডের ৬.১.১ অনুচ্ছেদে ও ৬.১.২ অনুচ্ছেদে অঞ্চলভিত্তিক প্রাতিষ্ঠানিক এলাকার অধীনে মৌলিক স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও উন্মুক্ত স্থানের জন্য ভূমি প্রস্তাবনা হিসেবে দেওয়া হয়েছে।
রাস্তা চওড়া করায় বাধা নেই
ঢাকায় ২০ ফুটের কম প্রশস্ত রাস্তা মোট রাস্তার দৈর্ঘ্যের প্রায় ৯০ শতাংশ। ‘ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮’ অনুযায়ী, ইমারত নির্মাণে রাস্তার ন্যূনতম প্রশস্ততা ৮.৪ ফুটের কম হলে নির্মাণকাজ অনুমোদন পাবে না।
কিন্তু বর্তমানে মোট রাস্তার প্রায় ৩৬.২৩ শতাংশ রাস্তার প্রস্থ ৮ ফুট বা তার নিচে। বিদ্যমান বিধিমালা অনুযায়ী, এই রাস্তার পাশে অবকাঠামো গড়া যাবে। এ সমস্যা সমাধানের জন্য খসড়া ড্যাপে ইমারত নির্মাণে রাস্তার ন্যূনতম প্রশস্ততার শর্ত পরিমার্জনের সুপারিশ করা হয়েছে মাত্র।
এর অর্থ এটা নয় যে রাস্তা প্রশস্ত করা যাবে না। পাশাপাশি আগুন নেভানো বা দুর্যোগ মোকাবিলার জন্য রাস্তা প্রশস্তকরণ ছাড়াও ভিন্ন উপায়ের সমাধানও দেওয়া হয়েছে (প্রথম খণ্ড, অনুচ্ছেদ ৪.৭.২)। এ ছাড়া ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃ উন্নয়নের মাধ্যমে এলাকার অপর্যাপ্ত অবকাঠামো ও নাগরিক সুবিধা উন্নয়নের সুপারিশ করা হয়েছে (অনুচ্ছেদ ৭.৪.১, অনুচ্ছেদ ৭.৪.২)।
অবৈধ স্থাপনা
সপ্তম অধ্যায়ে ‘অনুমোদনবিহীন ইমারত বৈধকরণ নির্দেশনা’ অনুচ্ছেদে শুধু অর্থের বিনিময়ে তিন ধরনের বিচ্যুতির সবগুলোকে অনুমোদনের প্রস্তাব করা হয়েছে বলে অনেকের মধ্যে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।
আসলে নির্বিচার সব ধরনের অবৈধ স্থাপনার বৈধকরণের প্রস্তাব বিশদ অঞ্চল পরিকল্পনার কোথাও দেওয়া হয়নি। শুধু বিধি অনুযায়ী নির্মিত কিন্তু যথাযথ অনুমোদনহীন স্থাপনাকে নির্দিষ্ট এককালীন জরিমানার মাধ্যমে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিধি ভেঙে নির্মিত স্থাপনার ক্ষেত্রে কোনো প্রস্তাব করা হয়নি।
বরং বিধির ব্যত্যয়কৃত অংশ যত দিন মালিক নিজে স্বতঃপ্রণোদিত হয়ে ভাঙছেন না, অথবা কর্তৃপক্ষ দ্বারা অপসারণ করা হচ্ছে না, তত দিন পর্যন্ত নির্ধারিত জরিমানার প্রস্তাব করা হয়েছে। মাসিক ভিত্তিতে মালিককে এ জরিমানা দিয়ে যেতে হবে (প্রথম খণ্ড; অনুচ্ছেদ ৭.৬.৩)। বলা হয়েছে, এই অর্থ স্থানীয় অবকাঠামো উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।
তবে এই মহাপরিকল্পনায় নির্দেশিত ভূমি ব্যবহারের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত স্থাপনা জরিমানা দিয়ে বৈধ করার কোনো সুযোগ রাখা হয়নি। পাশাপাশি জলাশয় বা খাসজমি দখল করে নির্মিত স্থাপনাও বৈধকরণের আওতায় আনা যাবে না (অনুচ্ছেদ ৭.৬.৩) বলেও স্পষ্ট বলা হয়েছে। উল্লেখ্য, ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনে অনুমোদনহীন বা ব্যত্যয়কৃত ইমারতকে বৈধ করার সুযোগ দেওয়া আছে।
শুধু জনবান্ধব পরিকল্পনা নয়, এই পরিকল্পনার যাতে বাস্তবায়ন হয়, সে জন্য রাজউকের সক্ষমতা ও মহানগর সরকার প্রতিষ্ঠার ব্যাপারেও সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, ড্যাপ নিয়ে এখনকার বিভ্রান্তি ভবিষ্যতে থাকবে না।
আমাদের চেষ্টা ছিল জনবান্ধব, পরিবেশবান্ধব ও টেকসই একটি পরিকল্পনা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাসযোগ্য একটি নগর পায়। আমাদের এই উদ্যোগকে সমৃদ্ধ করতে গঠনমূলক সমালোচনা সাদরে গৃহীত হবে।