ভালো লাগার মতো দৃশ্য এখন মেলায় একটিই, তা হলো যাঁরা আসছেন তাঁদের হাতে হাতে বইয়ের ব্যাগ। এক বা একাধিক। বইমেলা প্রায় শেষ হয়ে এল। আজ বাদে আর তিন দিন থাকবে বিকেল থেকে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এ চেনা জনস্রোত। কবিতা আবৃত্তি, গান, অসংখ্য মানুষের কথাবার্তায় সচকিত প্রাঙ্গণ। তার পরে আবার নিরালা নিঝুম। বুঝি সে কারণেই মেলায় এখন জনসমাগমও
হচ্ছে প্রচুর। ঠিক ছুটির দিনের মতো উপচে পড়া ভিড় না হলেও উদ্যান ও একাডেমি মেলার উভয় অংশই ভরপুর গ্রন্থানুরাগীদের উপস্থিতিতে।
গতকাল সোমবার দেখা গেল মেলায় আসা লোকজন ইতস্তত ঘুরে বেড়ানোর চেয়ে স্টলগুলোর সামনে দাঁড়িয়ে নতুন-পুরোনো বই যাচাই-বাছাই করতেই বেশি মনোযোগী। লেখকদেরও অনেকে এসেছিলেন মেলায়। তাঁদের মধ্যে অনন্যার স্টলে ছিলেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন, একাডেমির প্রাঙ্গণে ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, গীতিকার আসিফ ইকবাল। সূচীপত্রের প্রকাশক সাঈদ বারী জানালেন, এবার দুটি স্থানে মেলার আয়োজন করায় প্রথম দিকে সাধারণ মানুষ একটু অস্বস্তিতে ছিলেন। অনভ্যস্ততার কারণে অনেকেই উদ্যানের দিকে আসতে আগ্রহী হননি। তবে ক্রমে সেই অনভ্যস্ততা কেটে গেছে। মাসের মাঝামাঝি থেকেই মেলার স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। এখন বিক্রিও আশানুরূপ। সবাই এবার জেনে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে মেলা হচ্ছে। তাই আগামী বছর শুরু থেকেই মেলায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে তিনি মনে করেন।
আরও পরিচ্ছন্ন হবে মেলা
এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছর সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলাকে আরও পরিচ্ছন্ন এবং সুন্দর করে তোলা হবে বলে জানানো হলো গতকাল। বিকেলে একাডেমির সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব শাহিদা খাতুন ও প্রকাশকদের প্রতিনিধিরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে আগামী বছর মেলার কাঠামো গড়ে তোলা হবে। তাতে উন্মুক্ত মঞ্চটি অন্তর্ভুক্ত থাকবে। এখানেই সব প্রকাশকের স্টল থাকবে। পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও করা হবে। একাডেমিতে থাকবে শুধু সরকারি প্রতিষ্ঠানের স্টল। একাডেমি ও উদ্যানে যাতায়াতের জন্য ভূগর্ভস্থ সংযোগ সড়ক তৈরির চেষ্টা থাকবে।
তারুণ্যের প্রকাশনা উৎসব
প্রথম আলো বন্ধুসভার অমর একুশে বিশেষ সংখ্যা ‘তারুণ্য’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দ্বিতীয় তলার মিলনায়তনে। তরুণদের ভালো কাজে উদ্বুদ্ধ করবে এ রকম ৩৯টি লেখার সমন্বয়ে প্রকাশ করা হয়েছে ‘তারুণ্য’। কীভাবে নেতা হতে হয়, কীভাবে ভালো মানুষ হওয়া যায়, সংস্কৃতিচর্চা কীভাবে মানুষকে বদলে দেয় কিংবা কীভাবে আলোকচিত্রী হওয়া যায় এর সবকিছুই আছে এ প্রকাশনায়। তারুণ্যের সম্পাদনা করেছেন দন্ত্যস রওশন।
মোড়ক উন্মোচন
নজরুল মঞ্চেও প্রচুর ভিড় ছিল মোড়ক উন্মোচন নিয়ে। গতকাল ৩৮টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এখানে। এর মধ্যে অ্যাডর্ন পাবলিকেশন্সের বই ছিল ২৭টি। উল্লেখযোগ্য ছিল গীতিকবি আসিফ ইকবালের কবিতার বই এত ভালো আগে কেন বাসোনি, সাইমন জাকারিয়ার নাট্যচিন্তা রবীন্দ্রনাথ ঠাকুর, মিনার মনসুরের প্রেমের কবিতা, জোনাকী থেকে আনোয়ার সাঈফের প্রবন্ধ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বইঘর থেকে আল মাহমুদের কবিতা ওগো বনহংসিনী আমার।
নতুন বই
নতুন বইয়ের মধ্যে প্রথমা থেকে এসেছে মতিউর রহমানের নিবন্ধ মুক্ত গণতন্ত্র রুদ্ধ রাজনীতি। চলমান রাজনীতি, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা-ভাষণ-বিবৃতি, সংসদ, আইন ও বিচারব্যবস্থা, সংবাদপত্র ও সাংবাদিকতা, সুশাসন ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে লেখা নিবন্ধগুলো হয়ে উঠেছে গত দুই দশকের বাংলাদেশের রাজনীতির ধারাভাষ্য। এ ছাড়া আছে কবি প্রকাশ থেকে বিনয় মজুমদারের প্রবন্ধ ধূসর জীবনানন্দ, আলপনা থেকে সুফিয়া কামালের নির্বাচিত প্রবন্ধ, চারুলিপি থেকে শান্তনু কায়সারের প্রবন্ধ তৃতীয় প্রজন্মের কাছে, সৈয়দ শামসুল হকের কাব্যগীতি চম্পাবতী, মেরিট ফেয়ার থেকে গাজী আজিজুর রহমানের প্রবন্ধ সাহিত্যে সমাজ বাস্তবতার ধারা, কবি থেকে সুহিতা সুলতানার কবিতা নৈঃশব্দ্যের এক মধ্য দুপুর, ইছামতি থেকে ফারহান জাহাঙ্গীরের ফুটবল জাদুকর।