চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে মিরসরাই পৌঁছানোর পর আটকে দেওয়া হয় বাস। বাস থেকে নেমে কয়েকজন আরেক বাসে চেপে বসেন। সেই বাস আটকে দেওয়া হয় কুমিল্লায়। কুমিল্লা থেকে লোকাল বাসে ভেঙে ভেঙে ঢাকায় এসে পৌঁছান তাঁরা।বিরোধী দলের গতকালের মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রদলের কয়েকজন কর্মী এভাবেই নিজেদের ‘ঢাকা অভিযান’-এর বর্ণনা দিচ্ছিলেন। তাঁদের মতো বিভিন্ন জেলা থেকে আসা বিরোধী দলের কর্মীদের প্রত্যেকেরই একেকটি ‘ঢাকা অভিযান’-এর গল্প রয়েছে। কে কীভাবে ঢাকায় এলেন, তার বিবরণই ছিল গতকালের সমাবেশস্থলে নেতা-কর্মীদের মধ্যে মূল আলোচ্য। ফেনী থেকে আসা জয়নাল আবেদীন বলেন, মহাসমাবেশে ফেনী থেকে ৩০টির বেশি বাস আসার কথা ছিল। বাস ভাড়াও করা হয়েছিল। পরে প্রশাসনের বাধার কারণে বাসের মালিকেরা টাকা ফেরত দিয়ে দেন। তারপর তাঁরা সাধারণ যাত্রী হিসেবে আসবেন বলে বাসের টিকিট কাটেন। কিন্তু বাসের মালিক-চালকেরা বলেন, পথে মহাসড়কে তল্লাশি চৌকি আছে, ধরা পড়লে বিপদ আছে। এরপর পৃথক ট্রেনে ও বগিতে করে তাঁরা তিন-চার শ জন রওনা দেন। শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছান শ খানেক। কারণ, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তল্লাশি করে পুলিশ অনেককে নামিয়ে দেয়। জয়নালরা মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে ফাঁকি দিয়েছেন। কমলাপুরে নেমে তাঁরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ করে এক জায়গায় জমায়েত হন।গাজীপুর থেকে আসা একজন জানান, টঙ্গী পর্যন্ত তাঁরা সাতজন একসঙ্গে টেম্পোতে করে এসেছেন। তারপর কিছু পথ ভ্যানে এসে উত্তরা থেকে আলাদাভাবে হেঁটে এসেছেন। সকালে রওনা দিয়ে দুপুরে পৌঁছান নয়াপল্টনে মহাসমাবেশস্থলে। ভয় ছিল, রাস্তায় আবার সরকার-সমর্থকদের হামলার মুখে পড়তে হয় কি না। সমাবেশে এসে সবাই খুব ক্ষুধার্ত হয়ে পড়েন। কিন্তু সেখানে খাবারের কোনো দোকান খোলা পাচ্ছিলেন না। নেই শৌচাগারের সুবিধাও। ঝাল-মুড়ি, শসা, পিঠা, বিস্কুট—যে যা পেয়েছেন কিনে খেয়েছেন। সংকট ছিল খাওয়ার পানিরও। মহাসমাবেশস্থলের আশপাশের তোপখানা রোড, সেগুনবাগিচা, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল—এসব এলাকায় কোনো রেস্তোরাঁ খোলা ছিল না।পুলিশের বাধানিষেধের কারণে নাইটিঙ্গেল মোড়, নয়াপল্টন, ফকিরাপুল মোড়ের বাইরে কোনো মাইক ছিল না। কিন্তু সমাবেশ কাকরাইল মসজিদ, বিজয়নগর পানির ট্যাংকি, ফকিরাপুল কাঁচাবাজার ছাড়িয়ে যায়। অনেক কাঠখড় পুড়িয়ে আসা কর্মী-সমর্থকেরা ভালোভাবে নেতাদের বক্তৃতা শুনতে না পেরে অনেকে জটলা বেঁধে বসে সমাবেশে আসার গল্প করছিলেন। দীর্ঘ ভ্রমণ বা হাঁটার কারণে অনেকেরই চোখে-মুখে ছিল ক্লান্তির ছাপ। অনেকে আসার পথে অনেক ভোগান্তির শিকার হয়েছেন। বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চোখ ফাঁকি দিয়ে প্রথমে ঢাকা, তারপর নয়াপল্টনে পৌঁছানো—তাঁদের কাছে যেন বিরাট ‘অভিযান’। বগুড়ার জহিরুল আলম বলেন, বগুড়া থেকে তাঁদের ভাড়া করা কোনো বাস ছাড়তে দেওয়া হয়নি। এমনকি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আসা অনেক বাস আটকে দেওয়া হয় বগুড়ায়। জহির বলেন, তাঁদের অনেকেই রোববার ট্রেনে এসেছেন। আসন না পেয়ে পুরো পথ দাঁড়িয়ে আসেন। কেউ কেউ আত্মীয়ের বাসায় ছিলেন। আর যাঁরা রাতে পৌঁছান, তাঁরা স্টেশনেই রাত কাটিয়ে ভোরে সমাবেশস্থলে চলে আসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা মশিউল বলেন, বাসে আসতে না পেরে তাঁদের কেউ কেউ ঘুরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আসার চেষ্টা করেন। টিকিট থাকা সত্ত্বেও অনেককে ট্রেনে উঠতে দেয়নি পুলিশ। তল্লাশির সময় কেউ চিকিৎসার কথা বলে, কেউ অসুস্থ আত্মীয়কে দেখা বা বিদেশগামী আত্মীয়কে বিদায় জানানোর কথা বলে পুলিশ থেকে রেহাই পেয়েছেন।