সবিতা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
খাগড়াছড়ির কমলছড়ি উপজেলার গৃহবধূ সবিতা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গতকাল বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বেলা ১১টায় নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম উইমেনস রিসোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের সদস্যরা অংশ নেন। রাজনৈতিক ও পেশাজীবী আরও কয়েকটি সংগঠন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে।
বক্তারা অভিযোগ করেন, অন্য যেকোনো আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার ঘটনার মতো সবিতা চাকমা হত্যার ঘটনাটিকেও সাম্প্রদায়িকতায় রূপ দেওয়ার চেষ্টা চলছে।
বক্তৃতা করেন নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের সভাপতি টুকু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটির সহসভাপতি সুসিঞ্চতা চাকমা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের সমন্বয়কারী জুয়েল দেওয়ান, উইমেনস রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী নাই উ প্রু মারমা প্রমুখ।