সবিতা 'হত্যা'র বিচার দাবি
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ১৫ ফেব্রুয়ারি ‘ধর্ষণের পর সবিতা চাকমা নামের এক পাহাড়ি নারী হত্যা’র ঘটনার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে গতকাল রোববার নাগরিক সমাজের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের নাম এজাহারে উদ্দেশ্যমূলকভাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন। প্রতিবাদকারীরা দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদেরও শাস্তি দাবি করেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, ঘটনার পর আট দিন চলে গেলেও পুলিশের জোরালো চেষ্টাও চোখে পড়ছে না। আলোচনায় নারী নেত্রী খুশী কবির বলেন, রাষ্ট্রের তরফে সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা বলেন, সবিতা হত্যার পর এর তদন্ত নিয়ে প্রশাসন নির্বিকার।
মানবাধিকারকর্মী চন্দ্রা ত্রিপুরার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, মহিলা পরিষদের প্রতিনিধি জনা গোস্বামী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি তন্দ্রা চাকমা প্রমুখ।