সবুজ অর্থনীতি প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব অঞ্চল গড়ার স্বপ্ন পূরণে পাটের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সবুজ অর্থনীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ-ভারত সহযোগিতার ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। গত বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়নের সমন্বিত কেন্দ্রের (সিরডাপ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমন্বিত গ্রামীণ উন্নয়ন বিষয়ে আবদুল কালাম এ ধারণা তুলে ধরে এক বক্তৃতায় বলেন, ‘আমার একটি স্বপ্ন হচ্ছে, ভারত ও বাংলাদেশ প্লাস্টিকের বদলে পাটের পণ্য ব্যবহারে (বিশ্বব্যাপী) প্রচার কার্যক্রমে যৌথভাবে অংশ নেবে।’ তিনি সবুজ অর্থনীতি হিসেবে পাটের উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং তার প্রভিশন অব আরবান অ্যামেনিটিস ইন রুরাল এরিয়া (পিইউআরএ) কাঠামোর অধীনে গ্রামীণ উন্নয়নের মডেলে রূপরেখা হিসেবে তুলে ধরেন। মডেলটিতে গ্রামে বসবাসকারীদের জীবন-জীবিকার উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারির অধীনে গ্রাম-শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আরও একটি জরুরি বিষয় হিসেবে পানিসম্পদকে চিহ্নিত করে বলেন, অভিন্ন নদীর অপ্রতুল সম্পদে দুই দেশের হিস্যা রয়েছে, যা অদক্ষ ব্যবস্থাপনার কারণে ব্যাপকভাবে অপচয় হচ্ছে।সংবাদ সম্মেলন: সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল কালাম। পানিসম্পদ খাতে সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা খুব জরুরি। আমরা প্রচুর পানি অপচয় করছি। অথচ বিপুলসংখ্যক মানুষের প্রয়োজনে পানি ধরে রাখার কোনো বিকল্প নেই। তাই পানির সদ্ব্যবহারে প্রতিবেশী দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত।’ ভারতের একাদশ রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘একটি দেশের অর্থনীতিই বলে দেয় দেশটি কোন পথে চলছে। বাংলাদেশ ৬ থেকে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অব্যাহত রেখে এগোচ্ছে। কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে অগ্রগতির আভাস বেশ চমকপ্রদই বটে।’ভারতের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত থেকে এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তারে ভূমিকার জন্য তাঁর কোনো অপরাধ বোধ আছে কি না জানতে চাইলে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যেই তিনি কৃত্রিম উপগ্রহ গবেষণায় কাজ করেছেন। আবার প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র থাকায় এ কাজের গবেষণাতেও যুক্ত হতে হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র গবেষণায় ভারত তুলনামূলকভাবে কম অর্থ খরচ করে বলে দাবি করেন আবদুল কালাম।প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে নতুন জ্বালানি সম্ভাবনা কতটা জানতে চাইলে তিনি বলেন, ‘সারা বিশ্বে বায়ুমণ্ডলে প্রতিবছর ৩০ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এ জন্যই সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, পরমাণুশক্তি ও জৈব জ্বালানির ওপর জোর দিচ্ছি। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়তে থাকায় ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ২০ থেকে ৫০ শতাংশ কমবে বলেই আমার বিশ্বাস।’