সবুজ-আবদাল পরিষদ বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবদাল আহমেদ নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে ১৩টি পদেই জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল নেতৃত্বাধীন প্যানেল। গত শুক্রবার দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে গতকাল শনিবার সকালে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বার্তা সম্পাদক কামাল উদ্দিন সভাপতি পদে পেয়েছেন ৩৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সমকাল সম্পাদক গোলাম সারওয়ার পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ পেয়েছেন ৩১৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম পেয়েছেন ২৮৯ ভোট। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেন (৩৫১ ভোট), সহসভাপতি বখতিয়ার রানা (৩৫৯), যুগ্ম সম্পাদক নুরুল হাসান খান (৩৩৯) ও কাদের গনি চৌধুরী (৩২৬) এবং কোষাধ্যক্ষ বদিউল আলম (৩৫৩)। এঁরা সবাই সবুজ-আবদাল প্যানেলের সদস্য। একই প্যানেল থেকে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন হাসান হাফিজ (৩৪৩), জহিরুল আলম (৩৩৭), এ কে এম মহসীন (৩১১), নুরুদ্দিন আহমেদ (২৮৮), গোলাম মহিউদ্দিন খান (২৭৪) ও নাজমুল আহসান (২৬৯)। সারওয়ার-সাইফুল প্যানেল থেকে চারজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন ফরিদ হোসেন (৩০২), শামসুদ্দিন আহমেদ চারু (৩০৮), ফরিদা ইয়াসমিন (২৯৯) ও মাঈনুল আলম (২৭৩)। গতকাল সকালে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সভাপতি জাকারিয়া পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি আবদুস শহীদ প্রমুখ। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।বিএনপির বিবৃতি: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্যানেল বিপুল ভোটে বিজয় অর্জন করার পর পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ক্ষমতাসীন দলের লেলিয়ে দেওয়া গুণ্ডা বাহিনী প্রেসক্লাবে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে। প্রেসক্লাবের মতো একটি জাতীয় নিরপেক্ষ প্রতিষ্ঠানে এ ধরনের বর্বরোচিত হামলা নজিরবিহীন উল্লেখ করে তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।