সবুজ খিলগাঁও গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মসূচি
পরিচ্ছন্ন খিলগাঁও কর্মসূচির আওতায় ২০০ বাড়িতে ঝাড়ু, হাতমোজা, মুখবন্ধনী ও বর্জ্য অপসারণ ব্যাগ সরবরাহ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পল্লীমা গ্রিন। গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ‘আমার বাসস্থান আমি পরিচ্ছন্ন রাখব, সবুজ খিলগাঁও গড়ে তুলব’ স্লোগানে গতকাল শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলার সময়ে বাড়ির বাসিন্দারা তাঁদের বাসস্থানের আশপাশ পরিচ্ছন্ন করেন। আবর্জনা রাখেন বাড়ির সামনে। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা সেগুলো সংগ্রহ করেন। পাশাপাশি পুরো খিলগাঁও এলাকার রাস্তাঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সকাল নয়টা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান চলে বেলা ১১টা পর্যন্ত। পল্লীমা সংসদের একটি অঙ্গ প্রতিষ্ঠান পল্লীমা গ্রিন। পল্লীমা গ্রিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে পালিত কর্মসূচিতে খিলগাঁও তালতলা সোসাইটি, পশ্চিম চৌধুরীপাড়া কল্যাণ সমিতি, নাসফ ও রাশমনো জেনারেল হাসপাতাল সহযোগিতা করে।