সবুজ জলবায়ু তহবিল থেকে সরাসরি অর্থ চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে সরাসরি অর্থ চাইবে বাংলাদেশ। একই সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক মান নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতিসংঘের ২২তম জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাঁচজন মন্ত্রী, ছয়জন সচিবসহ ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেবে। মরক্কোর মারাকাস শহরে এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনের একপর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর প্রধান কার্যালয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আলোচনা করে ফিরে এসেছে। ইউনেসকো রামপাল প্রকল্প বাতিলসহ অন্যান্য সুপারিশ মানার জন্য সরকারকে বলেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চান সাংবাদিকেরা।
উত্তরে আনোয়ার হোসেন বলেন, রামপালসহ যেকোনো প্রকল্পের কাজ শুরু করতে হলে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। ওই প্রকল্পকে বেশ কিছু শর্তে সেই অনুমোদন দেওয়া হয়েছে। রামপাল কর্তৃপক্ষ দেশের পরিবেশ আইন মেনেই কাজ করার অঙ্গীকার করেছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ চাইবে। কিন্তু নিজেই রামপাল প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি করবে। তাহলে ওই সম্মেলনে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে কি না, এমন প্রশ্নের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মরক্কো সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে একটি রূপরেখা চাইবে বলে জানান। তিনি বলেন, পরিবেশরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা সব কটি জলবায়ু সম্মেলনে আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্যারিস চুক্তির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্যারিস চুক্তিতে বিশ্বের ১৯১টি দেশ সই করেছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ৮৪টি দেশ এই চুক্তি তাদের নিজেদের সংসদে অনুমোদন বা এতে অনুস্বাক্ষর করেছে। চুক্তির নিয়ম অনুযায়ী, বিশ্বের ৫৫ শতাংশ কার্বন নিঃসরণকারী দেশ এই চুক্তিতে অনুমোদন দিলেই তা কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যে ৬১ শতাংশ কার্বন নিঃসরণকারী দেশ তা অনুমোদন করায় ৪ নভেম্বর থেকে ওই চুক্তি কার্যকর হওয়া শুরু হবে।
সচিব আরও বলেন, মরক্কো সম্মেলনের মূল লক্ষ্য থাকবে প্যারিস চুক্তি বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ করা। সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে বাংলাদেশ ইতিমধ্যে যে নিজেদের অবস্থানপত্র তৈরি করেছে, তা ওই সম্মেলনে তুলে ধরবে।