সবুজ ঢাকা গড়তে শিক্ষার্থীদের দেওয়া হবে চারাগাছ

পরিবেশ বিপর্যয় প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজধানীর ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক লাখ চারাগাছ বিতরণ করবে ‘সবুজ ঢাকা’ ও ‘প্রাণ–আরএফএল’। ১৫ জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রাণ-আরএফএল আয়োজিত ‘গ্রিন ঢাকা স্কুল ক্যাম্পেইনে’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় আরএফএলের অপর এক সহযোগী প্রতিষ্ঠান গুডলাক স্টেশনারি এ চারাগাছগুলো বিতরণ করবে।
অনুষ্ঠানে ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, ‘স্কুলগুলোতে খেলার মাঠ ও খোলা জায়গা কম। গাছপালা সম্পর্কেও শিক্ষার্থীদের বেশি ধারণা নেই। বিদ্যালয়ে গাছ রোপণের পাশাপাশি এগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও তাদের শেখানো হবে। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা সবুজ ক্যাম্পাস পাবে এবং তাদের সবুজ মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।’
অনুষ্ঠানে গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন বলেন, ১৫ জানুয়ারি রাজধানীর মনিপুর হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হবে। তিনি জানান, রাজধানীতে তিন মাসব্যাপী চলবে এ ক্যাম্পেইন।
ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরীর রূপ দিতে দুই বছর ধরে সবুজ ঢাকা ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। এরপর ঢাকা দক্ষিণের বিদ্যালয়গুলোতেও এ কার্যক্রম শুরু করা হবে।
গোলাম মোস্তফা রাজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘সবুজ ঢাকা’র চেয়ারম্যান রুপাই ইসলাম।