সবুজ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা
ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন এই রিমান্ড আদেশ দেন।
আদালত সূত্র বলেছে, সুনীল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই গত সোমবার সবুজ আলীকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, সবুজ আলীর স্ত্রী ও নিহত সুনীলের স্ত্রী পরস্পরের আত্মীয়। ধর্মান্তরিত হওয়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে খুনের রহস্য জানা যেতে পারে।
তবে আসামির আইনজীবী দীনেশ চন্দ্র আদালতকে বলেন, তদন্তকারী কর্মকর্তার দাবি অগ্রহণযোগ্য। তাঁকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সবুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশের পর গতকাল সন্ধ্যায় সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আবদুল হাই প্রথম আলোকে বলেন, সবুজকে জিজ্ঞাসাবাদ ছাড়াও অন্যান্য বিষয় তাঁরা খতিয়ে দেখছেন।
বনপাড়া ধর্মপল্লির সহসভাপতি ব্যানেডিক গোমেজ বলেন, এখানে একের পর এক খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন হামলার শিকার হচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলাকারীদের শনাক্ত করা হবে। কিন্তু কিছুদিন যেতেই সবাই যেন সব প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন।
বনপাড়া খ্রিষ্টানপাড়ার মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে গত রোববার দুপুরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর মেয়ে স্বপ্না গোমেজ বড়াইগ্রাম থানায় মামলা করলে পুলিশ সুনীলের বাড়ির ভাড়াটিয়া সবুজ আলীকে গ্রেপ্তার করে। ট্রাকচালক সবুজ আলী প্রায় এক বছর ধরে ওই বাড়িতে সপরিবারে ভাড়া থাকছেন।