সবুজ দেশে মরুর তাপ

ঠা-ঠা রোদ৷ বাতাসে আগুনের হল্কা৷ সবুজ শ্যামল বাংলাদেশে এ যেন মরুভূমির আবহাওয়া৷ মাঝের দু-এক দিন বাদ দিয়ে দুই মাস ধরে চলছে এই অবস্থা৷
শুধু কি বাংলাদেশেই আবহাওয়ার এমন রুদ্ররূপ! না৷ কি ঢাকা, কি পাকিস্তানের লাহোর, ভারতের নয়াদিল্লি—সব শহরের তাপমাত্রা এখন কাছাকাছি৷ পুরো অঞ্চলেই চলছে দাবদাহ৷
আবহাওয়ার বিচিত্র খেয়াল ‘এল নিনোর’ প্রভাব আর দাবদাহের এলাকা বদলের কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছে বিশ্বের বিখ্যাত সব আবহাওয়াবিষয়ক সংস্থা৷ এল নিনোর প্রভাবে বাংলাদেশেও এবার খরতাপের দাপট বেড়েছে৷
আবহাওয়ার এই বদলের ফলে মরুভূমির সব বৈশিষ্ট্যই যেন ভর করেছে রাজধানীর বুকে৷ আর উত্তরাঞ্চলের রাজশাহী বা দক্ষিণাঞ্চলের যশোর-চুয়াডাঙ্গার তাপমাত্রাও যেন মরুভূমির মতোই৷ প্রকৃতি অবশ্য হঠাৎ করেই এতটা বিরূপ হয়নি৷ গত মার্চ থেকেই এর লক্ষণ দেখা যাচ্ছিল৷ ৩০ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় যে দাবদাহ শুরু হয়েছিল, তা থামে ১ মে৷ পাঁচ দিন বিরিত দিয়ে তা ৬ মে থেকে আবার শুরু হয়৷ গতকালও রাজধানীসহ দেশের দক্ষিণ ও উত্তরের জেলাগুলো দাবদাহে পুড়েছে৷
আবহাওয়া দপ্তরের হিসাবে গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস৷ আর বিবিসির আবহাওয়া পর্যবেক্ষণ বিভাগের তথ্যমতে, লাহোরের তাপমাত্রাও ছিল ৩৮ ডিগ্রি৷ ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর রাজধানী নয়াদিল্লি আর মরুরাজ্য রাজস্থানের জয়পুর ও জয়সালমিরের তাপমাত্রা ছিল ৪০৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস৷ গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস৷ ১২ বছরের মধ্যে এই তাপমাত্রাই ছিল দেশের সর্বোচ্চ৷
এপ্রিল-মে মাস দেশে রীতিমতো খরাই যাচ্ছে৷ গত এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে৷ গত ২৩ দিনে রাজধানীতে যৎসামান্য যে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা-ও কালবৈশাখীকে সঙ্গী করে৷ মৌসুমি বায়ু আসার স্বাভাবিক সময় পেরিয়ে গেছে৷ কিন্তু এখনো বৃষ্টি আনার েমৗসুিম বায়ু বাংলাদেশ উপকূলে পৌঁছায়নি৷
বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে রাজধানী তো বটেই, সারা দেশই৷ তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা বলছে, তাতে দেশের একদম দক্ষিণের এলাকা চট্টগ্রামের অধিবাসীরাই কেবল খানিকটা আশাবাদী হতে পারেন৷ মৌসুমি বায়ু আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের টেকনাফ উপকূলে এসে পৌঁছাতে পারে৷ তবে এর সঙ্গে দেশের অন্য এলাকার জন্য হতাশার খবরও যুক্ত আছে৷ আজও যশোর, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যেতে পারে৷ ঢাকা, খুলনা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ হতে পারে৷
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম এই টানা তীব্র খরতাপের কারণ ব্যাখ্যা করে বলেন, এল নিনোর কারণে পেরু থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বৃষ্টিহীন অবস্থা ও দাবদাহ বিরাজ করছে৷ এ কারণে বাংলাদেশ উপকূলে মৌসুমি বায়ু আসতে দেরি করছে৷ এতে গরমের পরিমাণ আরও বেড়ে গেছে৷
গতকাল শুক্রবার রাজধানীর তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে দেড় ডিগ্রি বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে৷ তবে চুয়াডাঙ্গার তাপমাত্রা সামান্য কমে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে৷ আর বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের গড় তাপমাত্রা এক মাস ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে৷
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা এনসো প্রেডিকশন সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী রাশেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বছর আবহাওয়ার বিশেষ বৈশিষ্ট্য হলো, এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেছে৷ ১৯৮২ ও ১৯৯৭ সালে এই এল নিনো সক্রিয় হয়ে ওঠায় বিশ্বের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমে গিয়ে তীব্র খরার সৃষ্টি হয়েছিল৷ এ বছর এতটা তীব্র না হলেও খরার আশঙ্কা আছে৷
ভারতের আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদন বলছে, গত শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষের গ্রীষ্মকালীন দাবদাহটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পুরুলিয়া ও বিরভূম দিয়ে বয়ে যেত৷ গত শতাব্দীর শেষের দিকে এই ধারায় যুক্ত হয় ওডিশা৷ ১০ বছর ধরে গাঙ্গেয় অববাহিকার তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে নিয়মিতভাবে তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে৷ এ বছর তো এপ্রিল ও মে মাসজুড়ে কলকাতার আবহাওয়া নজিরবিহীনভাবে ৪০ ডিগ্রির ওপরে রয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, দাবদাহের স্থানবদলের এই প্রভাব বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু হয়ে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করেছে৷ এ বছর এই দাবদাহ তীব্র রূপ নিয়েছে৷
আবহাওয়াবিদেরা বলেন, এল নিনো যে বছর সক্রিয় হয়, সে বছর বৃষ্টি কমে গিয়ে দাবদাহ ও খরা বাড়ে৷ আর লা নিনা শক্তিশালী হলে বৃষ্টি বেড়ে বন্যা বেশি হয়৷