সবুজ বেষ্টনী গড়ার লক্ষ্যে
মুন্সিগঞ্জে ধলেশ্বরীর তীর ঘেঁষে গতকাল রোববার প্রায় এক কিলোমিটার বৃক্ষ রোপণ করা হয়েছে। সবুজ বেষ্টনী করার লক্ষ্য নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এলাকাবাসী, ব্যবসায়ী, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে গাছ লাগানোর বিশাল এই কর্মসূচি শুরু হয়েছে।গতকাল সকালে জেলা প্রশাসক মো. আজিজুল আলম ধলেশ্বরীর তীরে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন। এর পরপরই বৃক্ষরোপণের কাজে নেমে পড়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ।জেলা প্রশাসক আজিজুল আলম বলেন, ধলেশ্বরীর তীরকে সবুজ বেষ্টনীতে তৈরি করার উদ্দেশ্যে ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র কে এম ইরাদত মানু, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা, পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, পঞ্চসার ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৃক্ষ রোপণ করেন।মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র কে এম ইরাদত মানু বলেন, ধলেশ্বরীর তীরে শহর রক্ষা বাঁধের পাশে বৃক্ষ রোপণ করা হবে। এ ছাড়া পুলিশ লাইন, হাটলক্ষ্মীগঞ্জ, লঞ্চঘাট, পার্ক, খাল, নদীতীরসহ খালি স্থানগুলোতে গাছের চারা লাগানো হবে। সূত্র জানায়, আরও কয়েক দিন এ কর্মসূচি চলবে।