সবুজ বেষ্টনীর গাছ কেটে নিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সবুজ বেষ্টনী প্রকল্পের প্রায় তিন কিলোমিটার এলাকার গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।সম্প্রতি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের গাছের একটি চালান পাচারের সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। ঘটনার ২৩ দিন পরও ওই নেতার বিরুদ্ধে বন বিভাগ কোনো মামলা করেনি বলে জানা গেছে। স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, ওই ইউনিয়নের বিবিচিনি ও উত্তর দেশান্তরকাঠি এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে গত মে মাসের শুরুর দিকে ওই বাঁধের দুই পাশের প্রায় তিন কিলোমিটার অংশের সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে ফেলার জন্য বন বিভাগের পটুয়াখালীর উপবিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন জানায় এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) কর্তৃপক্ষ। সেই আবেদন অনুযায়ী, বন বিভাগের কর্মকর্তারা গাছ কেটে নিলামে বিক্রির পদক্ষেপ নেন। কিন্তু রাস্তার কাজে নিয়োজিত সাব-ঠিকাদার ও বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান খন্দকার গাছ না কেটেই রাস্তার কাজ করে দেবেন বলে বন কর্মকর্তাদের আশ্বস্ত করেন। এতে গাছ কাটা ও নিলামে বিক্রির প্রক্রিয়া স্থগিত রাখে বন বিভাগ। এরপর মজিবুর রহমান নিজেই শ্রমিক নিয়োগ করে তিন কিলোমিটার এলাকার গাছ কেটে বিক্রি করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, গত ৯ জুলাই রাত সাড়ে বারোটার দিকে গাছের একটি চালান ট্রলারে করে বরিশালের স্বরূপকাঠিতে পাঠানোর সময় স্থানীয় লোকজন ট্রলারটি আটক করে। এ সময় ট্রলারে আওয়ামী লীগের নেতা মজিবুর রহমানও ছিলেন। ট্রলারটিতে আকাশমণি, শিশু, বাবলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের গাছ ছিল। উদ্ধারকৃত গাছগুলো পরে মাসুদ মৃধা নামে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়। পরদিন বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা এসব গাছ নিজেদের জিম্মায় নেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযুক্ত মজিবুর বলেন, ‘রাস্তার কাজ চলায় এসব গাছ কাটা হয়েছিল। কেটে ফেলা এসব গাছ আমার বাড়ির সামনে স্তূপ করে রাখার জন্য ট্রলারে করে নিয়ে যাচ্ছিলাম। স্থানীয় কিছু লোক আমাকে হেয় করার জন্য এ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে।’ বন বিভাগের বেতাগী উপজেলা উপ-রেঞ্জ কর্মকর্তা আবু ওবায়দুল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘গাছ কেটে নিলামে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু মজিবুর রহমান আমাকে আশ্বাস দিয়েছিলেন যে গাছ না কেটে রাস্তা করে দেবেন। তিনি ওই রাস্তায় রোপণকৃত গাছের উপকারভোগী কমিটিরও সভাপতি। সেই তিনিই কিনা গাছগুলো আমাদের না জানিয়ে কেটে নিয়ে যাচ্ছিলেন! তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি।’