সবুজ লেনদেনের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ বাগান সোসাইটির মেলায় শাকসবজি, ফুল ও ফলের চারা এবং বীজ বিতরণ। সম্প্রতি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলা ছবি l সাজিদ হোসেন
সবুজ বাগান সোসাইটির মেলায় শাকসবজি, ফুল ও ফলের চারা এবং বীজ বিতরণ। সম্প্রতি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলা ছবি l সাজিদ হোসেন

সময় দেওয়া ছিল বিকেলে। কিন্তু ২১ অক্টোবর দিনটা সকাল, দুপুর, বিকেল একাকার হয়ে গেল অকাল বর্ষণে। সারা দিন বৃষ্টি, ঝরছে তো ঝরছেই। ঢাকা শহরে যানজট আর জলজটে দুর্বিষহ নগরজীবন। তবু বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ দুয়েক নারী-পুরুষের সম্মিলন।

কারও হাতে টমেটোর চারা, কারও হাতে আলু বোখারার কলম, কেউ নিয়ে এসেছেন গ্ল্যাডিওলাস ফুলের কর্ম, কেউ মরিচের চারা বা কোনো ফলের বীজ। এগুলো সবই হাতবদল হবে। এর চারাগাছ ও নেবে, ওরটা সে। এ এক অদ্ভুত বিনিময় কর্মসূচি, যেখানে ফুল-ফল-সবজির চারা বিনিময় হয়। বিনিময় হয় বাগান করার জ্ঞান ও লাগসই প্রযুক্তি। তাঁরা ‘সবুজের নির্মাতা’। বাড়িতে বাড়িতে বাগান করে ছড়িয়ে দিতে চান সবুজের সমাহার। এটি একটি সামাজিক আন্দোলন।

এই সবুজ কর্মসূচি শুরু করেছিলেন উদ্যানবিদ জামাল উদ্দিন। পুরো নামটা অনেক বড়—আবুল ফয়েজ মোহাম্মদ জামাল উদ্দিন। এমনিতেই তাঁকে টানত সবুজ গাছপালা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গাছপালা, ফুল, ফলের প্রতি সেই টান আরও শিকড় ছড়ায়। 

জামাল উদ্দিন স্নাতকোত্তর করেছেন উদ্যানতত্ত্বে। ফুল, ফল, নান্দনিক বৃক্ষ, গুল্ম, বীরুৎ আর শাকসবজি নিয়েই কাজ। একসময় উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের পড়ান, উদ্যানতত্ত্ব নিয়ে গবেষণা করেন। কিন্তু রাজধানীতে চোখের সামনে একটু একটু করে সবুজের হারিয়ে যাওয়া তাঁকে ভাবায়। কিছু একটা করার তাড়না বোধ করেন তিনি।

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বাড়ছে নগরীতে, বাড়ছে দূষণ। পরিবেশ নিয়ে সামান্যতম ভাবেন এমন যে কারও কাছে বিষয়টি এক ভয়াবহ ভবিষ্যতের সংকেত দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে গড়ে তুলতে হবে সবুজের আচ্ছাদন। জামাল উদ্দিন প্রেরণাদায়ী বক্তৃতা দিতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা নগরীর বিভিন্ন বিদ্যালয়ে। তাঁর এই প্রচার-প্রচারণা একসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের দৃষ্টি কাড়ে। মেয়র চালু করেন সবুজ ঢাকা কর্মসূচি। জামাল উদ্দিন সেই কর্মসূচি এগিয়ে নেন। তবে সেখানেই থেমে না থেকে বৃক্ষপ্রেমীদের নিজেদের মধ্যে যোগাযোগ আর আদান-প্রদানের আরও বড় নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেন জামাল উদ্দীন।

জানতেন, একা এই বিশাল কাজটি করতে পারবেন না। সঙ্গী-সাথি চাই। সবুজ ঢাকা গড়া কর্মসূচি থেকে দুজনের সঙ্গে জামাল উদ্দিনের একটু-আধটু পরিচয়। শেরেবাংলা নগরের বৃক্ষমেলায় আকস্মিকভাবে তাঁদের সঙ্গে মেলবন্ধন হয়ে গেল। একজন জার্মানিপ্রবাসী মির্জা আল রাজী, আরেকজন এ বি এম বিল্লাল হোসেন। তিনজন মিলে ঠিক করলেন নগরীতে সবুজ বাগান গড়ার আন্দোলন করবেন।

এমন তো নয় যে বিস্তীর্ণ প্রান্তর পড়ে আছে ঢাকায় আর সেখানে গড়ে তোলা হবে সবুজ বাগান। ঢাকায় বরং জমি কমছে হুহু করে। কংক্রিটের ‘জঙ্গলে’ দম বন্ধ হয়ে আসছে মানুষের। তিন বন্ধু ঠিক করলেন মানুষকে ছাদে বাগান করতে উদ্বুদ্ধ করবেন। ছাদ না থাকলে বাগান হোক ব্যালকনিতে। ব্যালকনি না হলে বাসার একচিলতে খোলা জায়গায়। ফুলগাছ হোক বা ফলগাছ, হোক সবজি, ওষধি বা আলংকারিক বীরুৎ—সবুজ বাগান আমাদের চাই।

যে কথা সেই কাজ। গড়ে উঠল একটি ফেসবুক গ্রুপ—গ্রিন গার্ডেন সোসাইটি। নিজেদের একটি ওয়েবসাইটও গড়ে তোলা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমের কী বিশাল শক্তি অল্প কয়েক দিনের মধ্যেই বুঝতে পারলেন তিন উদ্যোক্তা। ২০১৬ সালের ১৫ অক্টোবর এই গ্রুপ গড়ে উঠেছিল ৩ থেকে ৪ হাজার লোককে নিয়ে। এক বছর পর ২০১৭ সালের ১৫ অক্টোবরে এসে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার। সংখ্যা বাড়ছে প্রতিদিন। তাঁরা স্বপ্ন দেখেন সদস্যসংখ্যা একদিন ১০ লাখ ছাড়িয়ে যাবে।

দেশের সীমানা ছাড়িয়ে এই গ্রুপ শাখা-প্রশাখা বিস্তার করছে বিদেশেও। অ্যাডমিন হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রেবেকা ইয়াসমিন, যুক্তরাজ্যপ্রবাসী অলক ঘোষ, জার্মানি থেকে মির্জা আল রাজী, মালয়েশিয়া থেকে রফিক আবদুল মান্নান। মডারেটর হিসেবে নানা জেলা শহর থেকে আছেন কয়েকজন। কেননা সবুজ বাগান আন্দোলন শুধু ঢাকা নগরীর বিষয় নয়, এটি সব শহরের। সব শহরের সবুজই মরে যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে একটু একটু করে।

প্রশিক্ষণ আর বিনিময়

সবুজ বাগান এই গ্রুপের একটি নিয়মিত আয়োজন। এটা আসলে গ্রুপের সদস্যদের মিলনমেলা। ১৫ দিনে একবার শনিবারের দিনটিতে বসে এই মেলা। শনিবারের পাক্ষিক মিলনমেলায় ফুল, ফল, সবজি, ওষধি বা নান্দনিক গাছের চারা বা বীজ বিনিময় হয়। সদস্যদের উন্নত পদ্ধতিতে বাগান করাসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। আলোচনা হয় বিরল এবং বিলুপ্তপ্রায় গাছগাছালির সংরক্ষণ নিয়ে। নতুন প্রযুক্তির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে সবুজ বাগান গ্রুপের উদ্যোগে। গত সেপ্টেম্বরেই যেমন শেখানো হয়েছে হাইড্রোপনিক কৃষি (মাটি ছাড়া জলযোগে ফসল উৎপাদন)। 

বাগান করার কলাকৌশল বুঝিয়ে বলছেন অধ্যাপক জামাল উদ্দিন  l প্রথম আলো
বাগান করার কলাকৌশল বুঝিয়ে বলছেন অধ্যাপক জামাল উদ্দিন l প্রথম আলো

ফেসবুকে লাইভ ভিডিও বা রেকর্ড করা পোস্টে সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়া হয় নিয়মিত। প্রশ্নগুলো সবই বাগান করা নিয়ে। সব কাজের মধ্যমণি আবুল ফয়েজ মোহাম্মদ জামাল উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক।

প্রাণের টানে

 সবুজের অবারিত বিস্তারের মতো মানুষের মনে জায়গা করে নিচ্ছে সবুজ বাগান আন্দোলন। এক থেকে দশ, দশ থেকে শতক, শতক থেকে সহস্র মানুষ যোগ হচ্ছে। এক হওয়াটা প্রাণের টানে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। গত শুক্রবার জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব কাজই বিনা মূল্যে। কারও বিরুদ্ধে অর্থকড়ি নিয়ে অভিযোগ পাওয়া গেলে তিনি আমাদের সদস্য থাকবেন না।’

গ্রুপের মধ্যে একটি সতর্ক উদ্বেগ আছে। অনেকে বিদেশ থেকে নতুন ফুল, ফল বা সবজির বীজ বা চারা নিয়ে আসেন। এ থেকে ছড়াতে পারে ক্ষতিকর রোগজীবাণু বা পোকামাকড়। এই সঙ্গনিরোধের (কোয়ারেন্টাইন) বিষয়টি নিয়ে এখনো সেভাবে ভাবা হয়নি। তবে সবুজ বাগান সোসাইটি এটি নিয়েও এখন ভাবছে।

ছাদে বা বারান্দায় কতটা মাটিতে কী পরিমাণ গাছগাছালির আবাদ করলে তা বাড়ির সার্বিক ভারব্যবস্থাপনায় সমতা ধরে রাখবে, সেটিও গ্রুপকে ভেবে দেখতে হচ্ছে।

মাত্র এক বছরের মধ্যেই এক লাখ মানুষের মধ্যে সবুজ বাগানের চেতনা ছড়িয়ে দিতে পারাটা সবুজ বাগান সোসাইটির বিরাট অর্জন। এই গ্রুপ ঢাকাকে বা দেশের অন্য যেকোনো শহরকে সুস্থ, সুন্দর এবং বুক ভরে নির্মল নিশ্বাস নেওয়ার মতো বাসযোগ্য করে গড়ে তোলার ব্যাপারে দারুণ আশাবাদী। কেননা এই গ্রুপে মেয়েদের বিশেষ করে গৃহিণীদের অংশগ্রহণ বাড়ছে। আর যেকোনো কাজে মেয়েদের অংশগ্রহণ বাড়তে থাকাটা সব সময়ই আশাপ্রদ।