সবুজ হত্যার বিচার চাইলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মনিরামপুর বাঁকড়া কলেজের ছাত্র মো. সবুজ হোসেনের হত্যার বিচার চেয়েছেন তাঁর মা মর্জিনা বেগম। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মর্জিনা বেগম এই দাবি জানান। তিনি বলেন, পুলিশ যে দুজনের বিরুদ্ধে মামলা করেছে, সেই জসিম ও সদরকেও গ্রেপ্তার করা হচ্ছে না। তাঁর অভিযোগ, এরা গ্রেপ্তার হলে মূল ঘটনা বেরিয়ে আসবে। এই হত্যার মূল পরিকল্পনাকারীদের নাম প্রকাশ হয়ে পড়বে।
মর্জিনা বলেন, তাঁর স্বামী আকবর আলী মোড়ল মালয়েশিয়াপ্রবাসী। ছেলেকে নিয়ে তিনি মনিরামপুরে থাকতেন। গত বছরের ১২ ডিসেম্বর তাঁর ২০ বছর বয়সের ছেলেকে হত্যা করা হয়। স্থানীয় কয়েকজন ছিনতাইকারীর বিরুদ্ধে কথা বলার কারণে এ হত্যাকাণ্ড ঘটে বলে তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, খুনিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁদের পরিবারের সদস্যদের উল্টো আসামিপক্ষ নানাভাবে হুমকিধমকি এবং প্রাণনাশের ভয়ভীতি দেখাচ্ছে। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।