সবুজবাগে এক ব্যক্তির লাশ উদ্ধার
সবুজবাগ থেকে গত শনিবার রাতে রাসেল মাহমুদ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতীশ দীপঙ্কর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
সবুজবাগ থানার এসআই শাহীন উদ্দিন বলেন, ‘শনিবার রাতে দায়িত্ব পালন করছিলাম। এ সময় অতীশ দীপঙ্কর সড়কের পাশের একটি ভবনের দেয়ালে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখি। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়া না পেয়ে ওই ব্যক্তির শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করে নিশ্চিত হই তিনি মারা গেছেন। তাঁর পায়ে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে তাঁকে দেখে মনে হয়েছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। পরে রাতেই লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাই ময়নাতদন্তের জন্য।’
এসআই শাহীন বলেন, সকাল ১০টার দিকে নিহতের পরিবারের সদস্যরা তাঁকে রাসেল মাহমুদ হিসেবে শনাক্ত করেন। নিহতের পরিবার জানায়, রাসেল মানসিক সমস্যায় ভুগছিলেন। সারাক্ষণ তিনি বাসাতেই থাকতেন। শনিবার দুপুর ১২টার দিকে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হন। এ ব্যাপারে খিলগাঁও থানায় শনিবারেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।