সবুজবাগে গ্যাস-সংকট, রান্না হয় ভোররাতে, আছে মশার উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আবর্জনায় ভরে গেছে পূর্ব বাসাবোর কদমতলার জিরানী খাল৷ ডান পাশের সড়কের ইট-পাথর ​উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো
আবর্জনায় ভরে গেছে পূর্ব বাসাবোর কদমতলার জিরানী খাল৷ ডান পাশের সড়কের ইট-পাথর ​উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো
সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

সবুজবাগ, কদমতলা, মায়াকানন ও রাজারবাগ এলাকায় তীব্র গ্যাস-সংকট চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকে না বলে জানিয়েছেন বাসিন্দারা। ফলে বাসাবাড়িতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তা-ও তাঁরা জানেন না।

এসব এলাকায় মশার উপদ্রব বাড়ছে। মশা নিধনে সিটি করপোরেশন নিয়মিত ওষুধ ছিটায় না বলে অভিযোগ রয়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
রাজারবাগের স্থানীয় বাসিন্দা আল-আমীন বলেন, মাসে এক-দুবার মহল্লায় মশার ওষুধ ছিটানো হয়। এতে মশার উপদ্রব কোনোভাবেই কমছে না৷ দিনে দিনে বাড়ছে৷ নিয়মিত ওষুধ ছিটালে উপদ্রব কিছুটা কমবে। এ ছাড়া মশা জন্মানোর প্রধান উৎস জিরানী খাল। এই খাল নিয়মিত পরিষ্কার করলে মশা অনেক কমে যাবে৷ তিনি বলেন, বর্তমানে বাসাবাড়িতে কীটনাশক ও কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। দিনের বেলাও মশারি টানিয়ে রাখতে হয়৷
তা ছাড়া এই এলাকার প্রায় সব সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। বাতাসে ওড়ে ধুলাবালি। এক-তৃতীয়াংশ সড়ক ও গলিতে সড়কবাতি নেই। সন্ধ্যার পর মহল্লার অলিগলিতে অবাধে চলে মাদক সেবন ও ব্যবসা। সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলছে প্রচুর। শিশু-কিশোরদের খেলাধুলা ও আনন্দ বিনোদনের কোনো মাঠ বা পার্ক নেই। মহল্লার প্রধান সড়ক সরু হওয়ায় রিকশা ছাড় অন্য যানবাহন চলে না।
গতকাল বুধবার এই চারটি এলাকা ঘুরে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এ চিত্র দেখা গেছে। এলাকা চারটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন। সবুজবাগ, বৌদ্ধমন্দির, অতীশ দীপংকর সড়ক, আহমেদবাগ, মায়াকানন, উত্তর মুগদাপাড়া ডেপুটি কলোনি, রাজারবাগ উত্তর ও দক্ষিণ, কদমতলা, পূর্ব বাসাবো নিয়ে এই ওয়ার্ড গঠিত। প্রায় ৪০ হাজার ভোটার। লক্ষাধিক লোকের বাস।
গতকাল দুপুরে এলাকাগুলো ঘুরে আহমেদবাগ ও কদমতলা এলাকার তিনটি বাসার গ্যাসের চুলায় ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলেও জ্বলেনি। এসব বাসায় ভোররাতেই রান্না কাজ সম্পন্ন করে রেখেছেন পরিবারের সদস্যরা। অন্যান্য এলাকায়ও একই সমস্যা বলে জানিয়েছেন তাঁরা।
কদমতলা ৫৩/২ নম্বর বাসার গৃহিণী সুরাইয়া বেগম বলেন, প্রতিদিন ভোররাতে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ করতে হয়। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চুলায় গ্যাসের চাপ কমতে থাকে। এভাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইনে কোনো গ্যাস থাকে না। ফলে অনেক সময় পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়৷
পূর্ব বাসাবোর কদমতলা এলাকায় রয়েছে জিরানী খাল। এই খালে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। ফলে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আশপাশের বাসাবাড়ির বর্জ্য এই খালে ফেলা হচ্ছে। খালের পশ্চিম পাড়ের সড়কের ইট-পাথর উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বাতাসে উড়ছে ধুলাবালি। এই সড়কে কোনো সড়কবাতি নেই। ওই এলাকাগুলোতে যাতায়াতের প্রধান পথ বৌদ্ধমন্দির থেকে কালীবাড়ি সড়ক। সড়কটি ১২ থেকে ১৪ ফুট চওড়া হলেও সড়কের মোড়গুলো সংকীর্ণ। ফলে সড়কে বড় যানবাহন ঢুকতে পারে না। সব সড়কে চলছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা। পুরো ওয়ার্ড ঘুরে কোথাও কোনো খেলার মাঠ, পার্ক ও কমিউনিটি সেন্টার দেখা যায়নি।
ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ডে কোনো খেলার মাঠ ও পার্ক না থাকায় মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা ও আনন্দ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মায়াকাননের বাসিন্দা শফিকুল আলম। তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও শিশুপার্ক অনেক জরুরি। অথচ এই ওয়ার্ডে তা নেই। এতে তাদের সারাক্ষণ ঘরেই বন্দী থাকতে হয়৷