সবুজবাগে বাসায় ঢুকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার মাদারটেকের একটি বাসায় আজ শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাসা থেকে ১২ ভরি স্বর্ণালংকার, ৭৫ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।

সবুজবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর পৌনে পাঁচটার দিকে যুবক বয়সী চারজন ডাকাত মাদারটেকের সিঙ্গাপুর রোডে একটি তিনতলা বাড়ির দোতলার বাসার রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তারা দোতলায় গৃহকর্তা আরিফুর রহমানের শয়নকক্ষে গিয়ে তাঁকে ও তাঁর স্ত্রী রোকসানা রহমানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, ৭৫ হাজার টাকা, মুঠোফোন ও হাতঘড়ি নিয়ে রান্নাঘরের কাটা জানালা দিয়েই পালিয়ে যায়।

আরিফুর প্রথম আলোকে বলেন, তিনি ওই বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন। প্রায় আধা ঘণ্টা লুটপাট করে ডাকাতেরা চলে যায়। ঘটনার সময় তাঁর দুই সন্তান অন্য কক্ষে ঘুমিয়ে ছিল।

ডাকাতির ঘটনায় আরিফুর বিকেলে সবুজবাগ থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। রাতে সবুজবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রওশন আরা মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।