সবুজবাগে রক্তাক্ত গৃহকর্মীকে হাসপাতালে নিয়েছে পুলিশ
রাজধানীর সবুজবাগ থানার মধ্য বাসাবো থেকে মোছা. মাহমুদা (১৭) নামের এক গৃহকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। গুরুতর অবস্থায় গতকাল রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গৃহকর্তা বলছেন, মুঠোফোন ব্যবহারে বাধা দেওয়ায় মাহমুদা আত্মহত্যার চেষ্টা করেছিল। এ সম্পর্কে গৃহকর্মীর স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাহমুদার গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই এলাকায়। মধ্য বাসাবোর নূর আহমেদ ও নুসরাত দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করছে।
জানতে চাইলে নুসরাতের শাশুড়ি ফজিলাতুন্নেছা বলেন, প্রায় আড়াই বছর আগে মাহমুদাকে তাঁর বাবা বাসার কাজে সহযোগিতার জন্য তাঁদের বাসায় রেখে যান। মাহমুদার একটি মুঠোফোন আছে। বাসায় রেখে যাওয়ার সময় মাহমুদার বাবা বলে যান মাহমুদাকে যেন মুঠোফোনটি ব্যবহার না করতে দেওয়া হয়। তাই গৃহকর্ত্রী নুসরাত মুঠোফোনটি আলমারিতে তালাবদ্ধ করে রাখেন।
ফজিলাতুন্নেছা বলেন, আলমারির চাবি আলমারির ওপরেই থাকে। কোনো একসময় মাহমুদা আলমারি খুলে মুঠোফোনটি নিয়ে নেয়। গত শনিবার রাতে আলমারি খুলে নুসরাত দেখেন মাহমুদার মুঠোফোনটি নেই। নুসরাত ফোনের জন্য মাহমুদার কাছে যান এবং ফোনটি কোথায় সে সম্পর্কে জানতে চান। কিন্তু মাহমুদা জানান সে কিছুই জানে না, সে ফোন নেয়নি। পরে শনিবার রাত ১২টার দিকে ওই মুঠোফোনে কথা বলার সময় মাহমুদাকে হাতেনাতে ধরে ফেলেন নুসরাত। এ সময় তিনি ফোনটি কেড়ে নেন এবং মাহমুদাকে একটি চড় মারেন। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন, মাহমুদা শৌচাগারের ভেতর থেকে বের হচ্ছে না। এতে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেওয়া হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সরকার বলেন, সাড়ে আটটার দিকে পুলিশ ওই বাসায় পৌঁছায়। শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে মাহমুদাকে উদ্ধার করা হয়। মাহমুদা নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করতে চেয়েছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মাহমুদার বাবার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে এসআই বলেন, এ ব্যাপারে তাঁদের কোনো অভিযোগ নেই। মেয়েকে দেখতে মাহমুদার বাবা হবিগঞ্জ থেকে ঢাকায় আসছেন।