সবুজায়নে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি: কৃষিতে উদ্ভাবন ও খাদ্যনিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা–পরবর্তী বিশ্বে ১৩ কোটি মানুষের খাদ্যসংকট ও বিশাল কর্মসংকটের কথা হচ্ছে, বাংলাদেশের জনসম্পদের মিছিলও তাতে শামিল রয়েছে।
করোনা–পরবর্তী বিশ্বে ১৩ কোটি মানুষের খাদ্যসংকট ও বিশাল কর্মসংকটের কথা হচ্ছে, বাংলাদেশের জনসম্পদের মিছিলও তাতে শামিল রয়েছে।

বিশ্বব্যাপী নতুন কোভিড –১৯ যে রূপ নিয়েছে, তার প্রভাব মোকাবিলায় চলমান লকডাউনে স্থবির হয়ে আছে পুরো দুনিয়া। ঠিক এ সময়েই একটি সবুজ বিশ্বে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ভূমিকা বা ‘গ্রিন আইপি’ প্রতিপাদ্য নিয়ে ২৬ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি দিবস। করোনা মহামারির এই কঠিন বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের করণীয় তুলে ধরতেই এই প্রয়াস।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া মোট জনসংখ্যার নারী ও পুরুষের অনুপাত ৪০:৬০। আচমকা উদ্ভূত এই ভাইরাসের কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা বা ওষুধ না থাকায় মানুষের শরীরের নিজস্ব রোগপ্রতিরোধের ব্যবস্থা ও ঘরোয়া চিকিৎসাই হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের একমাত্র ভরসা। এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরের বন্য প্রাণী কেনাবেচার হাট থেকে। বনরুই, বাদুড় কিংবা অন্য কোনো প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের ৭০ ভাগ ভাইরাসজনিত মহামারির উৎপত্তি ও বিস্তারের জন্য দায়ী করা হয় পরিবেশগত বিপর্যয় ও অনিয়ন্ত্রিত শিল্পায়নকে।

ঊনবিংশ শতাব্দীতে উন্নত বিশ্বে শিল্পায়নে পেটেন্ট (প্রযুক্তিগত উদ্ভাবন), ট্রেডমার্ক, কপিরাইট অধিকার সুরক্ষার মাধ্যমে শিল্প থেকে অর্থনীতির চক্র, তথা বিশ্বায়ন বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। প্রযুক্তিগত উদ্ভাবন ও তার ব্যবস্থাপনাকে বর্তমান বিশ্বের যেকোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়।

প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতের বাংলাদেশও ২০২৪ সালে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশ হিসেবে অনুন্নত থেকে উন্নয়নশীল বিশ্বে নাম লিখতে যাচ্ছে। তাই করোনা-উত্তর বাংলাদেশের অর্থনীতি কতটুকু প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবস্থাপনাকে ধারণ, রক্ষণ ও মানব উন্নয়নে প্রস্তুত, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি টেকসই উন্নয়নে মানবাধিকার রক্ষায় (খাদ্য, চিকিৎসা ও কর্মনিরাপত্তা) প্রভূত আইপি অধিকারের সুফল নিতে আমরা কতটা সমর্থ, তা–ও বিবেচনার দাবি রাখে।

প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ অবশ্য বৈশ্বিক প্রযুক্তিগত সূচকে লক্ষণীয় কোনো অবস্থানে নেই। অন্যদিকে বাংলাদেশে পেটেন্ট আইন সংশোধন ও কার্যকর করা হয়নি বলে কোনো আন্তর্জাতিক বা দেশীয় উদ্ভাবনের সূচকও দৃশ্যমান নয়। তারপরও শিগগিরই পেটেন্ট ও অন্যান্য আইপি অধিকার কার্যকর করার আগে একবার লোকাল ইনোভেশন বা দেশীয় উদ্ভাবন ও সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি দিবসে অবশ্যই ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ‘র‌্যাপিড ডট ব্লট’ করোনা শনাক্তের কিট আবিষ্কারের জন্য ধন্যবাদ না দিলে কৃতজ্ঞতাবোধ তৃপ্ত হয় না।উন্নত ও উন্নয়নশীল বিশ্ব তাদের নিজেদের প্রয়োজনে ব্যস্ত থাকায়, প্রয়োজনীয় কিটের অভাবে করোনা চিকিৎসা ত্বরান্বিত করতে বাংলাদেশ যে রীতিমতো হিমশিম খাচ্ছিল, গণস্বাস্থ্য কেন্দ্রের এই বিজ্ঞানী ও গবেষকদল সেই আশার সঞ্চার করেছে তাদের উদ্ভাবন দিয়ে। শুধু তা–ই নয়, ঐতিহ্যগতভাবে প্রচলিত চিকিৎসাপদ্ধতিই হচ্ছে করোনা প্রতিরোধ ও দমনে সবচেয়ে কার্যকরী উপায়, যা এখন চীনসহ করোনা মোকাবিলায় প্রথমিকভাবে সফল এশিয়ার অন্যান্য দেশেও স্বীকৃত।

এবার জানতেই হয় আমাদের প্রচলিত চিকিৎসাব্যবস্থা, ঐতিহ্যগত জ্ঞান বহমান সময়ে গবেষণার ফল কতটুকু ‘উদ্ভাবনী সৃষ্টি’ হিসেবে স্বীকৃত ও রক্ষিত আছে।

দ্বিতীয়ত, হার্ড ইমিউনিটি স্ট্রাগল, অলিখিত ও অরক্ষিত ইকোলোজিক্যাল বায়োডাইভারসিটি এবং নলেজ কী আর তার বুদ্ধিবৃত্তিক অধিকার কতটুকু ও কীভাবে বাংলাদেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও গবেষণার সুযোগ রেখেছে। এটি প্রণিধানযোগ্য যে পেটেন্ট অধিকার ও একচেটিয়া মার্কেট অধিকার বায়োমেডিকেল ড্রাগ ও বায়োটেকনোলজিতে প্রভূত অগ্রগতি সাধন করেছে। প্রকৃতি, প্রাণী ও গাছপালা থেকে আহরিত জ্ঞান প্রযুক্তির সংস্পর্শে হাজার হাজার মহৌষধ শিল্পকল্যাণে পেটেন্ট লাইসেন্স নিচ্ছে। আর নতুন তথ্য–দাবিতে হয়তো একদিন আমাদের দেশেও তার অধিকার–দাবিতে অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পেটেন্ট অধিকার দেওয়ার আগে প্রচলিত ও প্রাচীন কলাকৌশল, জ্ঞান বা যুগ যুগ ধরে কৃষি, বৈদ্য ও লোকজ যে আচার-আচরণের চর্চা হয়ে আসছে, তার প্রাতিষ্ঠানিক সংরক্ষণ ও ব্যবস্থাপনায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কি? কৃষিপণ্য, পদ্ধতি, লোকজ শিল্প ও জ্ঞান বাংলাদেশের অর্থনীতি, গবেষণা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে যা অবদান রাখে, তার অর্থনৈতিক ও সামাজিক প্রাতিষ্ঠানিক মূল্য নিরূপণ আন্তর্জাতিক আইপি অধিকার, মার্কেট ও অর্থব্যবস্থা একচেটিয়াভাবে ভিনদেশি কোনো করপোরেশন বা সংস্থাকে দেওয়ার আগে বাংলাদেশ খুব শিগগির টিআরআইপিএস (ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অব ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি) চুক্তির বাস্তবায়নে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট অধিকার উন্মুক্ত করতে যাচ্ছে। 

আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিবেদনে করোনা–পরবর্তী যে ১৩ কোটি মানুষের খাদ্যসংকট ও বিশাল কর্মসংকটের কথা বলা হচ্ছে, বাংলাদেশের জনসম্পদের মিছিলও তাতে শামিল রয়েছে। বেকার জনসম্পদ ও খাদ্যচাহিদার জোগান ও ব্যবস্থাপনায় কৃষি উদ্ভাবন ও প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী ও রপ্তানিমুখী পণ্যবৈচিত্র্য আনা অবশ্যই লোকাল নলেজ, প্রসেস অব ইনোভেশন ও ব্যবস্থাপনায় সুবিন্যাস ও সমন্বয় কার্যক্রম করতে হবে। খাদ্যসংকট ও দুর্ভিক্ষে আজ চিকিৎসকদের পরই কৃষক ও ট্রেডিশনাল বায়োডাইভারসিটির অনন্য অবস্থাকে আইপি অধিকারের স্বীকৃতি দিতে হবে।

এ দেশে উদ্ভিদের জাত উন্নয়ন ও প্রজনন কর্মকাণ্ডে প্রজননবিদ ও কৃষকের উদ্ভিদের জেনেটিক রিসোর্স সংরক্ষণে অবদানের স্বীকৃতি এবং অধিকার সংরক্ষণে ২০১৯ সালে প্রণীত হয় উদ্ভিদের জাত সংরক্ষণ আইন। এখন সময় এসেছে এ আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নিয়ে কৃষিতে উদ্ভাবনে মনোযোগ দিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার।

২০১৭ সালে জীবসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রথাগত জ্ঞানে সমৃদ্ধ দেশ হিসেবে, দেশব্যাপী জীববৈচিত্র্যের একটি রেজিস্টার তৈরি করে এ–সংক্রান্ত প্রথাগত জ্ঞানের ডকুমেন্টেশন এবং জিনগত সম্পদের বাণিজ্যিক ব্যবহার (ওষুধ, শিল্পে ব্যবহার্য এনজাইম, খাদ্যের সুগন্ধি ইত্যাদি) নিয়ন্ত্রণ করতে প্রণীত হয় বাংলাদেশ জীববৈচিত্র্য আইন। জীববৈচিত্র্যসমৃদ্ধ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের আইন প্রণয়নের অন্যতম একটি কারণ হলো, এসব দেশ থেকে লুট হয়ে যাওয়া জিনসম্পদ ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত জীবপ্রযুক্তির বেহাত হওয়া মেধাস্বত্ব (Patent) পুনরুদ্ধার করা এবং ভবিষ্যতে এ ধরনের চুরি (Biopiracy) ঠেকানো। কিন্তু আইনের বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে প্রথাগত জ্ঞানলব্ধ ওষুধ ও চিকিৎসাব্যবস্থার কোনো সুফল আমরা ভোগ করতে পারছি না।

থাইল্যান্ড, ভারত, ফিলিপাইনের মতো দেশ অনেক আগে থেকেই প্ল্যান্টস, অ্যানিমেল—বায়োডাইভারসিটি–বিষয়ক জ্ঞান ও উদ্ভাবনে কৃষক ও স্থানীয় অংশগ্রহণকারীদের অধিকার নিশ্চিত করেছে। কৃষিনির্ভর অর্থনীতিতে বাংলাদেশের অবশ্যই ইনোভেশন, রিসার্চ ও ডেভেলপমেন্ট কৃষক ও গ্রামীণ সমাজকে প্রাতিষ্ঠানিক আইপি অধিকারের স্বীকৃতি ও তার সম্প্রসারণে ব্যক্তি ও সামাজিক ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনে সবুজায়ন সূচিত করতে ক্ষুদ্র ও বৃহৎ দেশীয় শিল্প, গবেষণাধর্মী প্রতিষ্ঠান, সরকারি সহযোগিতা, আইন ও প্রশাসনিক সাহায্যে সমন্বয় ও উৎসাহ অপরিহার্য হয়ে উঠেছে।

*লেখক : শিক্ষক, আইন বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা। [email protected]