সবুজে ছেয়ে গেছে ধু ধু বালুচর
‘চরগুলা আগোত এমন আছিল না। এখন পলি পড়ি আবাদ উপযোগী হইছে। ২০ রকমের ফসল হয়। হামার অভাব দূর হইছে।’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা খাসের চরের বাসিন্দা খোকা মণ্ডল।
ঘাট থেকে ট্রলারে করে ওই চরে যেতে সময় লাগে আধঘণ্টা। নৌকা থেকে নেমে চরে পা রাখতেই চোখ জুড়িয়ে যায়। চারদিকে সবুজে ছেয়ে গেছে। নদের তীর থেকে বাড়ির উঠান ও ঘরের চাল পর্যন্ত ফসলে ছেয়ে গেছে। ঘাট থেকে যত দূর চোখ যায়, শুধু ধান আর ধান।
স্থানীয় বাসিন্দারা জানান, এগুলো ফুলগাঞ্জিয়া ও ঢেপা ধান। ধান পাকতে শুরু করেছে। ধানের সঙ্গে সাথি ফসল হিসেবে আবাদ করা হয়েছে মিষ্টি আলু ও করলা। অর্থাৎ একই জমিতে তিন ফসল। ফলনও হয়েছে খুব ভালো। তাঁরা জানান, বছর তিনেক আগেও এখানে ছিল ধু ধু বালুচর।
আবুল হোসেন নামের এক কৃষক বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ধানের বীজ ছিটিয়ে দিয়েছি। গাছ একটু বড় হলে মিষ্টি আলু লাগাই। এই আলুগাছ বড় হলে ফাঁকে ফাঁকে গর্ত খুঁড়ে করলার বীজ লাগাই। কিছুদিনের মধ্যে ধান কাটব। এর ১৫ দিন পর আলু তুলব। তখন করলা গাছ ডালপালা ছড়াবে। এখানে প্রচুর করলা হয়।’
কৃষক সামছুল ইসলাম বলেন, এবার প্রচুর বৃষ্টি হওয়ায় সব ফসল খুব ভালো হয়েছে। মাষকলাইয়ের জমিতে সাথি ফসল হিসেবে তিন ফসল হয়।
চর ঘুরে দেখা গেছে, বাড়িগুলো অধিকাংশ টিন ও খড়ের। এসব বাড়ির চালগুলো লাউ ও লাউগাছের লতানো ডগায় ছেয়ে আছে। পাশ দিয়ে বেড়ে উঠছে মিষ্টি ও চালকুমড়া। বাড়ির পাশের সামান্য জমিতেই বেড়ে উঠেছে লালশাক, নাপা, মুলা, ধনিয়া, মৌরি, পালং, পুঁই, গুয়ামৌরি ও শলুকশাক।
গৃহিণী মমেনা বেগম বলেন, ‘এসব ফসলে সার দেই না। গবর ও ছাই দিছি। এ ছাড়া পেঁপে, কলা, আখ, বরই, ঝিঙা, কচুসহ নানা ফসলের আবাদ করি। প্রায় সবার বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল ও ভেড়া রয়েছে।’
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘আমিসহ এই চরের সবাই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত। কয়েক বছর আগে খুব অভাব আছিল। না খায়া থাকছি। আল্লায় দেয় চরের মানষের সেই দুঃখের দিন শ্যাষ হয়া গেইছে।’
স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক বলেন, এই চরে শিক্ষা ও স্বাস্থ্য এখন প্রধান সমস্যা। এখানে ১০০টি পরিবার বাস করে। লোকসংখ্যা প্রায় সাড়ে ৫০০। বিদ্যালয় না থাকায় এখানকার বাচ্চারা লেখাপড়া করে না। এখানকার প্রতিটি বাড়ি পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু করা। চর উন্নয়ন প্রকল্পের (সিএলপি) মাধ্যমে বাড়িগুলো উঁচু করা হয়েছে। এতে বন্যার হাত থেকে রক্ষা পাবে পরিবারগুলো।