সবুজের বন্ধন

দুই মেয়েকে সঙ্গে নিয়ে গত শুক্রবার রাতে শরীয়তপুর থেকে ঢাকা এসেছেন নূর-ই-নাজমিন। বিকেলে ছুটে আসেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু তিনি নন, তাঁর মতো কয়েক শ ব্যক্তি গতকাল শনিবার জড়ো হয়েছিলেন সেখানে। তাঁদের সবার পরিচয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুক গ্রুপ ‘গ্রিন বাংলাদেশ’-এর একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন তাঁরা। তাঁদের উদ্দেশ্য, সবুজ সম্পর্কে জানা, নিজেদের বন্ধন আরও দৃঢ় করা।
‘গ্রিন বাংলাদেশ’-এর সদস্যরা একে অপরকে উদ্বুদ্ধ করেন গাছ রোপণ করতে। গাছসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন। চলে অভিজ্ঞতা বিনিময়। তাঁদের মধ্যে একটি দারুণ মিল। তাঁরা সবাই সবুজ ভালোবাসেন। ভালোবাসেন গাছ লাগাতে। গতকাল ছিল এই ফেসবুক গ্রুপের গাছ বিতরণ কর্মসূচি।
গ্রুপের সদস্যদের তথ্য দিয়ে সহযোগিতা করেন অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক। গ্রুপটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সহকারী সচিব এ বি এম বিল্লাল হোসাইন।
গতকাল কথা হয় পেশায় শিক্ষক নূর-ই-নাজমিনের সঙ্গে। আগে তাঁর বাড়ির আশপাশের জায়গা পরিত্যক্ত থাকত। একসময় ফেসবুকে একটি গ্রুপের খোঁজ পান। গ্রুপের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি বাড়ির চারপাশের পরিত্যক্ত জায়গায় গাছের বাগান গড়ে তুলেছেন। বাড়ির ছাদেও গড়েছেন বাগান।
নূর-ই-নাজমিন বলেন, যাঁদের পরামর্শে তিনি গাছ রোপণে উদ্বুদ্ধ হয়েছেন, তাঁদের সঙ্গে পরিচিত হতে এসেছেন তিনি।
নূর-ই-নাজমিনের মতো আরও অনেক সবুজপ্রেমী জড়ো হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে। রাজধানীর রাজারবাগ থেকে এসেছেন ফরহাদ হোসেন। আসার সময় তিনি তাঁর ছাদবাগান থেকে পানের চারা নিয়ে এসেছেন। ফেসবুকে ফরহাদের কাছে পানের চারা চেয়েছিলেন গ্রুপের কয়েকজন সদস্য। তিনি এসেই খুঁজতে থাকেন তাঁদের। তিনি তাঁদের নামে চিনলেও, কখনো সামনাসামনি দেখেননি। নাম ধরে ডেকে তাঁদের খুঁজে বের করলেন ফরহাদ।
গতকাল ১৩৭ জনকে গ্রুপের পক্ষ থেকে উপহারস্বরূপ ভ্যানিলার চারা এবং ৬৫ জনকে লটকনের চারা দেওয়া হয়।